স্থানীয় সংবাদ

নড়াইলে নিহত যুবদল কর্মী সালমানের দাফন সম্পন্ন

# আসামিদের গ্রেফতার ও বিচারের দাবি বিএনপি নেতাদের #

নড়াইল প্রতিনিধি ঃ লোহাগড়ায় নিহত যুবদল কর্মী সালমান খন্দকারের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার ও মামলা হয়নি। এদিকে এ হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে লোহাগড়ায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন মিছিল ও সমাবেশ করেছে। নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে লোহাগড়া উপজেলা বিএনপি এবং যুবদলের আয়োজনে শুক্রবার (৯ মে) বিকেলে উপজেলা বিএনপির সভাপতি মো আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে এক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক শফিক তারিক প্রমুখ।
জানা গেছে, নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে ইউনিয়ন যুবদল কর্মী সালমান খন্দকার (২৬) বৃহস্পতিবার (৮ মে) রাতে স্থানীয় বন্ধুদের নিয়ে পার্শ্ববর্তী রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করে। পিকনিক শেষে রাত ১২ টার দিকে বাড়িতে ফিরলেও আবার বের হয়ে যায়। পরদিন শুক্রবার সকালে কাউলিডাঙ্গা বিল থেকে পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নিহত সালমানের পিতা খাজা খন্দকার বলেন, সন্তান হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত। তিনি সন্তান হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবি জানান।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো.আশিকুর রহমান বলেন, সালমান হত্যাকান্ডের ঘটনায় সরকারি বিভিন্ন সংস্থা ভিন্ন ভিন্নভাবে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে। তদন্ত চলছে। এখনো কেউ আটক-গ্রেফতার বা মামলা হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button