শনিবারে খুলনায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টার ঃ কাল শনিবার ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আবদুল মোনায়েম মুন্না। তিনি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি। বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে এ সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সাধারণ সম্পাদক, মোহাম্মদ নূরুল নয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বিল্লাল হোসেন তারেকসহ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলন আয়োজনে ছিল জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। প্রেস ব্রিফিং এ বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে শনিবার খুলনার সার্কিট হাউজ ময়দানে বিকাল ৩টার সমাবেশ অনুষ্ঠিত হবে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে হবে তারুণ্যের মহামিলন। এখানে সমবেত হবেন দেশের নানা শ্রেণি-পেশা, বিশ্বাস, মতাদর্শ ও সামাজিক পটভূমি থেকে উঠে আসা তরুণ-তরুণীরা। যারা স্বপ্ন দেখেন একটি আধুনিক, ন্যায্য ও মানবিক বাংলাদেশের। তাদের সঙ্গে থাকবেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নিবেদিত প্রাণ নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। যারা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ। প্রেসব্রিফিং শেষে নেতৃবৃন্দ সমাবেশ স্থল পরিদর্শন করেন।



