খুলনাসহ ৯ জেলায় ভোক্তা অধিকারের অভিযানে

# ১৫ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৯ হাজার জরিমানা #
# নিয়মবর্হিভূত বেচাকেনা করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারী #
# জনস্বার্থে অভিযান অব্যহত রাখার আশ^াস সংশ্লিষ্টদের #
স্টাফ রিপোর্টার : খুলনার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রন রাখতে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় সমূহ নিয়মিত বাজার তদারকিসহ অভিযান অব্যহত রয়েছে। ওই ধারাবাহিকতায় রবিবার (১৯ মে) ভোক্তা অধিকারের ৯ টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে গেছে, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার আড়ংঘাটা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে মেসার্স আনিশা ট্রেডার্সকে ৫ হাজার ও আব্দুল্লাহ স্টোরকে ২ টাকা জরিমানা আরোপ করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার আড়ংঘাটা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে অহিদ ইন্ডাস্ট্রিকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলীর নেতৃত্বে খোকসা উপজেলার বিলজানি বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স এস মেডিকেল হলকে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ১০ হজার টাকা জরিমানা আরোপ করা হয়।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে শ্রীপুর উপজেলার শ্রীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স ফেন্সি অটোকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানার নেতৃত্বে সদর উপজেলার ষাটগম্বুজ বাজার এলাকায় অভিযান চালিয়ে হক বাদ্রার্সকে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ২ হাজার এবং রথি বেকারিকে খাদ্য দ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ কারার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার মথুরাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল এন্ড তাহমিদ মেডিসিন কর্নারকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২ হাজার ৫ শত টাকা ও সাদিক মেডিকেল হলকে পন্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে সদর উপজেলার মির্জাপুর বাজারে অভিযান চালিয়ে মেসার্স মামুন মেডিকেল হলকে পন্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ২ হাজার টাকা একই অপরাধে মেসার্স ওমর ফারুক স্টোরকে ২ হাজার ও মেসার্স মন্টু স্পেশাল চানাচুরকে ৪ হাজার এবং মেসার্স ডিজু স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহেরের নেতৃত্বে সদর উপজেলার পবহাটী, মডার্ন মোড় ও এইচ এস এস রোড এলাকায় অভিযান চালিয়ে জাহানারা স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে দামুড়হুদা উপজেলার ডুগডুগি ও দর্শনা বাজার এলাকায় অভিযান চালিয়ে জন্ডিস চিকিৎসালয়কে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতাদের প্রতারিত করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানে ১৫ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৯ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।জনস্বার্থে চলমান অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা-অধিকার খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মাদ সেলিম জানান, খুলনার বাজারে আমাদের নিয়মিত তদারকিসহ অভিযান অব্যহত আছে। ভোক্তার অধিকার লঙ্ঘিত করলে ওই ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসাবে জরিমানা আরোপসহ আদায় করা হচ্ছে। খুলনার বাজার সমূহে কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান সরকার প্রদত্ত নিয়মনীতির বাইরে ব্যবসা পরিচালনা করলে তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। জনস্বার্থে আমাদের কার্যক্রম চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।



