মামলার পর প্রাণনাশের হুমকি প্রতিবাদের সংবাদ সম্মেলন

# কাস্টমসের চাকরির নামে প্রতারণা #
যশোর ব্যুরো ঃ কাস্টমস অফিসে চাকরি দেওয়ার প্রলোভনে প্রতারণা, অপহরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন যশোরের মনিরামপুর উপজেলার এক যুবক। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মামুন হোসেন নামের ওই যুবক। মামুন হোসেন বলেন, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর গ্রামের তিন ব্যক্তি হাফিজুর রহমান, রবিউল ইসলাম ও আব্দুস সালাম কাস্টমস অফিসে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে ১৮ লাখ টাকা নেন। নিয়োগপত্রের ফটোকপি দিলেও পরে জানা যায়, তা জাল। বিষয়টি জানিয়ে টাকা ফেরত চাইলে অভিযুক্তরা হুমকি দেন। বাধ্য হয়ে ২০২৩ সালের সেপ্টেম্বরে তিনি আদালতে প্রতারণার মামলা করেন। মামলাটি এখন সিআইডির তদন্তাধীন। মামলার পর পাল্টা তিনটি মামলা করা হয় তাঁর বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন,২০২৪ সালের জানুয়ারিতে অজ্ঞাত সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করে শারীরিক নির্যাতন করে। এ ছাড়া, তাঁর বাবা আবু কালামকেও অপহরণ করে স্ট্যাম্পে স্বাক্ষর নিতে চেয়েছিল অভিযুক্তরা। সংবাদ সম্মেলনে প্রতারণার শিকার মামুন বলেন, আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।” সংবাদ সম্মেলনে মামুনের মা মনজুয়ারা বেগম, বাবা আবু কালাম ও ভাই মোস্তাক হোসেন উপস্থিত ছিলেন।



