স্থানীয় সংবাদ

জেলা প্রশাসন ও গোপালগঞ্জ বিএসটিআই’র বিশ্ব মেট্রোলজি দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার : ‘বিশ্ব মেট্রোলজি দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিএসটিআই গোপালগঞ্জ এর উদ্যোগে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’। উক্ত আলোচনা সভায় সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সরোয়ার হোসেন এবং জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ। স্বাগত বক্তব্য প্রদান করেন বিএসটিআই, গোপালগঞ্জ এর সহকারী পরিচালক (সিএম) ও অফিস প্রধান গোবিন্দ কুমার ঘোষ। সভার সভাপতি ও গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ গোলাম কবির এ বছরের প্রতিপাদ্য বাস্তবায়নের আলোকে আমাদের দেশের জাতীয় মান সংস্থা, বিএসটিআই-এর ভূমিকার কথা উল্লেখ করেন। মেট্রোলজির বিভিন্ন শাখা যেমন শিল্প, বৈজ্ঞানিক ও লিগ্যাল মেট্রোলজির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে সমাজ, দেশ ও জাতির উন্নতির আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সারোয়ার হোসেন পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ এবং ক্ষতিকর উপাদান শনাক্তকরণে মোবাইল কোর্টের তৎপরতা বৃদ্ধির জন্য পরামর্শ দেন। আলোচনা অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন সকল সময়ে সকল মানুষের ক্ষেত্রে সমরূপ মান বজায় রাখতে সঠিক ওজন ও পরিমাপের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তিনি সকল প্রতিষ্ঠানের ব্যবসায়ীদেরকে বিএসটিআই নির্দেশনা অনুসরণ করে পণ্য উৎপাদন ও বিক্রয়/বিতরণের আহবান জানান। এছাড়া গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি কাজী জিন্নাত আলী মেট্রিক পদ্ধতি ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির ব্যাপারে আলোকপাত করেন। বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গোপালগঞ্জ-এর সহকারী পরিচালক (সিএম) ও অফিস প্রধান গোবিন্দ কুমার ঘোষ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং বিএসটিআই এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন। মুক্ত আলোচনায় এনআরবি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির কর্ণধার, বিসিক, শরীয়তপুর বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারিসমূহের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে অনুরোধ করেন। সভাপতি বাংলাদেশ জুয়েলারি সমিতি, গোপালগঞ্জ চৌধুরী আবুল কালাম আজাদ জুয়েলারি দোকানে প্রচলিত একক (ভরি) এর ব্যবহার পরিহার করে এসআই একক গ্রামে স্বর্ণ পরিমাপে সকলকে সচেতন হতে আহবান জানান। মাদারীপুর পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি জনাব মিজানুর রহমান যত্রতত্র খোলা জ্বালানি তেল বিক্রয় বন্ধ করার বিষয়ে বিএসটিআই ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন। উক্ত অনুষ্ঠানে গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার শিল্প ও বণিক সমিতি, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button