খুলনার টুটপাড়ায় ভিক্ষুক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টারঃ খুলনা সদর থানাধীন টুটপাড়া দারোগা বস্তি এলাকায় নিলু বেগম(৬৫) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ২২ মে বৃহস্পতিবার ভোর রাত থেকে দুপুর ২ টার মধ্যে বৃদ্ধাকে হত্যা করা হয়েছে বলে জানায় গোয়েন্দা সুত্র।নিহত বৃদ্ধা বরগুনা জেলার বেতাগী থানাধীন কাজীরাবাদ গ্রামের মৃত গনী হাওলাদারের মেয়ে।
এলাকাবাসী জানায়, পশ্চিম টুটপাড়া কবি নজরুল ইসলাম সড়কস্থ দারোগা বস্তির ফেরদৌসী বেগম পলির কুঁড়েঘরে বিনা ভাড়ায় থাকতেন নিহত বৃদ্ধা। কুড়েঘরের ঐ স্থানে বিল্ডিং নির্মানের কাজ চলায়,তাকে পাশের একটি পরিত্যাক্ত ভবনে থাকতে দেয় বাড়িওয়ালা।তবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেও গতকাল কোনো সাড়া পাওয়া যায়নি তার।এলাকাবাসী জানালা দিয়ে দেখতে পায়, নিলু বেগমের রক্তাক্ত দেহ খাটের পূর্বপাশে মেঝেতে পড়ে আছে। পরবর্তীতে এলাকাবাসী খুলনা সদর থানায় জানালে স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘরের বারান্দার তালা এবং কক্ষের তালা ভেঙে পুলিশ ভিকটিমকে রক্তাক্ত মৃত অবস্থায় দেখতে পায়। অনুসন্ধানে জানা যায়, নিহত নিলু বেগম বিভিন্ন বাসায় ভিক্ষা চেয়ে জীবিকা নির্বাহ করতেন। ভিক্ষাবৃত্তি ও মানুষের নিকট থেকে প্রাপ্ত আর্থিক সহযোগীতার অধিকাংশ টাকা সুদে লাগাতেন।দুষ্কৃতিকারীর ধারণা করে নিলু বেগমের ঘরে মোটা অংকের টাকা রয়েছে। এসময় ঘরের পেছনে পশ্চিম দিকে জরাজীর্ণ শৌচাগারের দেয়ালের ইট খুলে ভিতরে প্রবেশ করে।অতঃপর ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে দুষ্কৃতিকারী।বৃদ্ধার মৃত্যু নিশ্চিত করে ঘরের মধ্যে লোহার মিটসেপ, টিনের ট্রাঙ্ক ভেঙে কাপড় চোপড় এলোমেলো করে টাকা পয়সা এবং স্বর্ণালংকার নিয়ে বাহির থেকে তালা দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে লাশটি ময়নাতদন্তে পাঠায়।এসময় সি আই ডি’র ক্রাইমসিন বিভাগের সদস্যগন আলমত সংগ্রহ করে। এবিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, প্রাথমিক তদন্ত শেষে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত বৃদ্ধার নিকট আত্মীয়দের জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মামলা রুজু হবে।



