স্থানীয় সংবাদ

খুলনায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় হাত এবং পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ধারী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর পাঁচটার দিকে নগরীর লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ভোর পাঁচটার দিকে কুকুরের ডাক-চিৎকারে ঘুম ভেঙে যায় লবণচরা থানাধীন শিপইয়ার্ড মেইন গেটের সামনে মো. মোশারফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া আশরাফুল ইসলামের। এ সময় তিনি ওই বাড়ির পেছনের পশ্চিম দিকে তাকিয়ে দেখেন হাত-পা বাঁধা এবং মাথা ও মুখম-ল পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় একটি লাশ পড়ে রয়েছে। বিষয়টি তিনি লবণচরা থানাকে অবগত করেন। থানা পুলিশসহ কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে হাসপাতালে পাঠান। লবণচরা থানার এসআই মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যুবকের বয়স আনুমানিক ২৭ বছর। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মনে হচ্ছে হাত-পা বেঁধে তাকে প্রথমে জখম করা হয়। পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত করার জন্য দুর্বৃত্তরা পলিথিন মুড়িয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘নিহত যুবকের পরিচয় শনাক্তকরণে পিবিআই এবং সিআইডি’র বিশেষ টিম কাজ করছে। যুবকের পরনে নীল রংয়ের জিন্স প্যান্ট এবং সবুজ রংয়ের টি-শার্ট ছিল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button