জাতীয় সংবাদ

প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিতে আহত হয়েছেন ‘মাহমূদ মানি এক্সচেঞ্জ’-এর মালিক মোঃ মাহমুদুল ইসলাম (৫৫)। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মিরপুর স্টেডিয়ামের পাশে আব্দুল বাতেন সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। আহত মাহমুদুল ইসলাম জানান, তার বাসা মিরপুর ৪ নম্বর লেনের ৬ নম্বর সেকশনে। গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কারতা গ্রামে। প্রতিদিনের মতো তিনি সেদিনও সকালে বাসা থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে নিজ অফিসে যাচ্ছিলেন। পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন দুর্বৃত্ত তার গতিরোধ করে। মাহমুদুল বলেন, তারা আমার কাছে টাকা দাবি করে। আমি রাজি না হলে তারা কোমরের বাঁ পাশে গুলি করে। এরপর সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি মোঃ সাজ্জাদ রুম্মন বলেন, দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ী আহত হয়েছেন। এমন খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছি। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। মাহমুদুল ইসলামের পরিবার জানায়, ছিনতাইকারীরা তার কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button