জাতীয় সংবাদ

মামলা না থাকায় সাবেক মন্ত্রী হীরাকে ছেড়ে দিয়েছে পুলিশ

প্রবাহ রিপোর্ট : মামলা না থাকায় আর বয়স বিবেচনায় জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাকে (৮৩) ছেড়ে দিয়েছে জামালপুর থানা পুলিশ। গত মঙ্গলবার রাত ১১টার পর তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক। তিনি জামালপুর শহরের সিংহজানী সড়কের মুসলিমাবাদ এলাকার। ওসি বলেন, রেজাউল করিম হীরার বিরুদ্ধে কোনও মামলা নেই এবং তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তার স্মৃতিশক্তিও দুর্বল হয়ে গেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার স্ত্রী ও এক আত্মীয়কে জিম্মাদার করে তাকে বাসায় পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার বিকালে শেরপুর সদর সাব রেজিস্ট্রার অফিসে জমি বিক্রি করতে গিয়ে রেজাউল করিম হীরা সস্ত্রীক বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। পরে খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম জানান, শেরপুরে কোনও মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button