স্ত্রী-ছেলেসহ সাবেক আইজিপি শহীদুল হকের ২৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রবাহ রিপোর্ট : পুলিশের সাবেক আইজি এ কে এম শহীদুল হক, স্ত্রী শামসুন্নাহার রহমান, ছেলে রাকিব বিন শহীদ ও মজিদ জরিনা ফাউন্ডেশন নামীয় ২৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে এক কোটি ১২ লাখ ৮ হাজার ৮৫৩ টাকা রয়েছে। গতকাল সোমবার ঢাকা মহানগর জেষ্ঠ্য বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, ২৩ ব্যাংক হিসাবের মধ্যে শহীদুল হকের নামে ৯টি, স্ত্রীর নামে ৪টি, ছেলের নামে ২টি এবং ৮টি মজিদ জরিনা ফাউন্ডেশন নামীয় হিসাব। দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক জাহাঙ্গীর আলম এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, শহীদুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, অপরাধমূলক অসদাচরণ ও অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে জানা গেছে, তিনি অপরাধলব্ধ অর্থ ব্যাংক হিসাব থেকে উত্তোলন, হস্তান্তর, স্থানান্তর বা বেমাত করার প্রচেষ্টায় রয়েছেন। এ কারণে তার নামীয় ২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। এসব হিসাব অবরুদ্ধ করা না গেলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছরের ৩ সেপ্টেম্বর উত্তরা ১৬ নম্বর সেক্টর থেকে শহীদুল হককে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। শহীদুল হক ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। ২০১৮ সালের ৩১ জানুয়ারি অবসরে যান তিনি।



