স্থানীয় সংবাদ

যশোরের যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা

যশোর ব্যুরো ঃ যশোরের কেশবপুর উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৮ জুন) বেলা ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মনিরুল ইসলাম উপজেলার বরণডালি গ্রামের আলী বক্সের ছেলে এবং স্থানীয় যুবদলের একজন কর্মী। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

স্থানীয়রা জানায়, কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের সরসকাটি বাজারে পাওনা টাকা নিয়ে মঙ্গলবার বিকেলে মনিরুল ইসলাম ও একই গ্রামের রেজা হাসান সবুজের অনুসারীদের মধ্যে তর্ক-বিতর্ক পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সংঘর্ষে মনিরুল ইসলাম ছাড়াও কাশেম গাজী, জাকির হোসেন ও মিজানুর রহমান আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে মনিরুলের অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ১১টার দিতে তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বরণডালি গ্রামের রেজা হাসান সবুজ, লিটন হোসেন ও মশিয়ার রহমানকে গ্রেফতার করে।

চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামীম হোসেন জানান, নিহত মনিরুল ইসলামের ভাই মিজানুর রহমান বাদী হয়ে কেশবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) খান শরীফুল ইসলাম বলেন, মামলায় নাম উল্লেখ থাকা অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button