স্থানীয় সংবাদ

জাপানের শ্রমবাজারে উচ্চ বেতনে কর্মসংস্থানের সুযোগ বাংলাদেশীদের

# খুলনায় কেয়ারগিভার ও নার্স নিয়োগ সংক্রান্ত সেমিনারে বক্তারা #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ থেকে জাপানে দক্ষ জনশক্তি রফতানির দুয়ার উন্মোচিত হয়েছে। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুসের জাপান সফরকালে করা চুক্তি অনুযায়ী এক লক্ষ প্রশিক্ষিত কর্মী জাপানের শ্রম বাজারে যাবে। জাপানের জনসংখ্যা কমছে, বৃদ্ধ মানুষের সংখ্যা বাড়ছে। কর্মক্ষম জনগোষ্ঠী পেশাজীবনে চরম ব্যস্ততায় অতিবাহিত করায় বৃদ্ধদের সেবা যতেœর জন্য বিপুল সংখ্যক কেয়ার গিভার ও নার্স প্রয়োজন। নার্সিং ইন্সটিটিউট থেকে শিক্ষাজীবন শেষ করে জাপানী ভাষায় দক্ষতা অর্জনের পর এদেশের তরুণ প্রজন্মের সামনে উচ্চ বেতনে উন্নত দেশে কাজ করার যে সুযোগ এসেছে তাকে কাজে লাগাতে হবে। সোমবার খুলনায় জাপানে দক্ষ নার্স ও কেয়ারগিভার নিয়োগ বিষয়ক এক সেমিনারে আলোচকরা এসব কথা বলেছেন। দুপুরে নগরীর খালিশপুরে নিউ সিটি নার্সিং ইন্সটিটিউটের সেমিনার কক্ষে ওয়ার্ক ইন নিপ্পন এবং কোকোরোজাশি লিমিটেড জাপানের যৌথ আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইওর ব্রাইট জাপানের সিইও মিওয়া ইয়ামাশিতা। বিশেষ অতিথি ছিলেন কোকোরোজাশি জাপান লিমিটেড চেয়ারম্যান ওকাবায়শি কুনিয়াকি। নিউ সিটি নার্সিং ইন্সটিটিউটের প্রিন্সিপাল মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সৈয়দ মাসুদুর রহমান ও সাব্বির আশরাফ।
সেমিনারে জানানো হয়, নার্সিং পাশ করার পর একজন শিক্ষার্থী এসএসডাব্লিউ ভিসা নিয়ে জাপানে চাকরি করতে পারে। একাজে ভিসার মেয়াদ পাঁচ বছর। তবে ভিসা পেতে হলে ভাষা সংক্রান্ত দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবার জাপানে যাওয়ার পর সেখানে দীর্ঘ মেয়াদে অবস্থান করে চাকরি করতে চাইলে সে সুযোগও রয়েছে। শুধু একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বক্তারা বলেন, পাশ করে বের হওয়ার পর খুব দক্ষ হলে এদেশে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে চাকরি পেলে সর্বোচ্চ বেতন হবে ২৫ হাজার টাকা। সেখানে জাপানে বেতন শুরু হবে এক লাখ ৮০ হাজার টাকা থেকে। তারা বলেন, এতোদিন ইন্দোনেশিয়া, ফিলিপিন, মিয়ানমার ও কম্বোডিয়া থেকে নার্স ও কেয়ারগিভার পদে লোক যেতো। আর্ন্তজাতিক ক্যারিয়ার গড়ার এই সুযোগ বাংলাদেশীদেরও গ্রহণ করতে হবে। সেমিনারে ইন্সটিটিউটের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে অতিথিরা তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এরআগে সকালে খুলনা সরকারি নার্সিং ও মিডওয়াইফারি কলেজে আরও একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button