ডুমুরিয়ায় অজ্ঞাত লাশের পরিচয় খুঁজে পেয়েছে পুলিশ

# চলছে হত্যার ক্লু উদ্ধার কাজ #
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ ডুমুরিয়ায় মাছের ঘেরের ভেঁড়িতে ফেলে রাখা লাশের পরিচয় খুঁজে পেয়েছে পুলিশ। নিহত ওই নারী হলেন রেবেকা বেগম (৪২)। তিনি একই উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কোমলপুর গ্রামের মৃত ইনছার আলী সরদারের মেয়ে। হত্যার ক্লু উদ্ধারে কাজ করছে পুলিশ। থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রোববার দুপুরে উপজেলার বান্দা উত্তরপাড়া বিলে একটি মাছের ঘেরের ভেঁড়িতে নাম-পরিচয়হীন এক মধ্য বয়সী মহিলার মরদেহ পড়ে ছিল। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এরপর লাশের পরিচয় ও হত্যার ক্লু খুঁজতে যৌথ ভাবে মাঠে পুলিশের একাধিক টীম। এরই মধ্যে ঘটনার রাতে মেলে তার পরিচয়। হত্যার শিকার ওই মহিলা হলেন উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কোমলপুর গ্রামের মৃত ইনছার আলী সরদারের মেয়ে রেবেকা বেগম (৪২)। তিনি পেশায় একজন দিনমজুর। তাসলিমা আক্তার (২৫) নামে তার একটি মেয়ে রয়েছে। স্বামীর সঙ্গে অনেক আগেই ছাড়াছাড়ি। বোন পারুল বেগমের বাড়িতে মা-মেয়ে বসবাস ছিল। শনিবার (২১ জুন) সন্ধ্যায় তিনি মুজরি বাবদ পাওনা টাকার জন্য বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। রোববার (২২জুন) রাতে লোকজনের মুখে লাশের খবর শুনে থানায় গিয়ে সনাক্ত করেন স্বজনরা। এ ঘটনায় বোন পারুল বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা রুজু করেন যার নং-১৬।
এ ঘটনায় ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা জানান, অজ্ঞাত মহিলার পরিচয় পাওয়া গেছে। লাশের সুরোত হাল রির্পোটে তার স্বাভাবিক মৃত্যু হয়নি। তাকে হত্যা করা হয়েছে এটা কনফর্ম। কি কারণে তাকে হত্যা করা হয়েছে, এখন সেই ক্লু উদ্ধার করা দরকার এবং আমরা সেই লক্ষ্য নিয়েই কার্যক্রম পরিচালনা করছি।



