খুলনায় আ’লীগ নেতার পক্ষে বিএনপির মানববন্ধন

স্টাফ রিপোর্টার ঃ এবার খুলনায় বিএনপি মানববন্ধন করলো আওয়ামীলীগ নেতা দিলীপ কুমার সরকারের পক্ষে। তিনি খুলনা মহানগরীর ৩৩নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি। ওই কমিটির সভাপতি ও সাঃ সম্পাদক পলাতক রয়েছে। চাঁদার দাবিতে সম্প্রতি তাকে সন্ত্রাসীরা পায়ে গুলি করে। মঙ্গলবার দুপুরে খানজাহানআলী থানাধীন ফুলবাড়িগেট এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। ওই আ’লীগ নেতা তেলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। অযোগ্য এ শিক্ষককে ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব দিয়ে যান কেন্দ্রীয় আ’লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য এসএম কামাল। তিনি এসএম কামালের নির্বাচন পরিচালনা কমিটির একজন নেতা ছিলেন। তার পক্ষেই মানববন্ধন নিয়ে মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেন, দিলীপ বাবুর বিরুদ্ধে এসব অভিযোগ আছে তা আমি জানি না। সাঃ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, দিলীপ বাবু যে দল করুক না কেন বিএনপি নির্যাতনে শিকার এক শিক্ষকের পাশে দাড়িয়েছে। এ দৃষ্টিকোণ থেকে এখানে মানববন্ধন করা হয়েছে। তবে এ মানববন্ধন নিয়ে এলাকায় বিএনপি নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে। ক্ষুব্দ বিএনপি নেতা কর্মীরা বলেন, এ দিলীপ ও তার দলের নেতা কর্মীরা এলাকার বিএনপি-জামায়াত নেতা কর্মীদের ঘরে যাতে ঘুমাতে না পারে সে জন্য তারা পুলিশের দালাল হিসেবে কাজ করতো। সাবেক মন্ত্রী মন্নুজান সুফিয়ান ও সাবেক এমপি এসএম কামাল তেলিগাতী দক্ষিণপাড়া মন্দিরে কোন সভা-সমাবেশ করলে এই দিলীপ তার নেতৃত্ব দিতেন। সেই আ’লীগ নেতা দিলীপের পক্ষে বিএনপির মায়া কান্না এলাকার তৃণমুল নেতা-কর্মীদের জন্য দুঃখজনক ব্যাপার বলে তারা জানান। যিনি জুলাই বিপ্লব ঠেকাতে মরিয়া হয়ে কাজ করেছেন তিনি এখন বিএনপির কোন কোন নেতার কাছের লোক হতে চলেছেন।



