কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে অন্যত্র বদলী

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলামকে অন্যত্র বদলী করা হয়েছে। গত ২৬ জুন জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়। ওই অফিস আদেশে উল্লেখ করা হয়, তাকে সংস্কৃতি মন্ত্রনালয়ের চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন প্রকল্প পরিচালক পদে বদলী করা হয়েছে। আগামী ৭ জুলাইয়ের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় আগামী ৭ জুলাই বিকাল হতে তাৎক্ষণিক অবমুক্ত হবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে ভাল সম্পর্ক যাচ্ছিল না প্রশাসকের। আগামী ৭ জুলাই কেসিসির নিয়োগ বোর্ডের মিটিং। ওই নিয়োগ বোর্ড নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ছে। তারই জের ধরে এ বদলির আদেশ হতে পারে বলে কেউ কেউ মনে করছেন। তবে তাজুল ইসলাম এমন কথা অস্বীকার করে বলেন, প্রশাসকের সাথে তার চমৎকার সম্পর্ক।



