ঝিকরগাছায় কবরস্থানের গাছ কাটলেন বিএনপি নেতা : সাংগঠনিক সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

যশোর ব্যুরো ঃ ঝিকরগাছায় কবরস্থানের গাছ কাটার অভিযোগ উঠেছে পৌর বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইমরান রেজা খোকনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শী লতিফ জানান, শুক্রবার সকালে মোবারকপুর এলাকার হালসা পারিবারিক কবরস্থানের মেহগনি গাছ কেটে নিয়ে যান খোকন ও তার সহযোগী জাহাঙ্গীর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঠ জব্দ করে মালিক পক্ষকে বুঝিয়ে দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, কবরস্থানের গাছ জোরপূর্বক কেটে নেওয়া হচ্ছিল। পুলিশ গিয়ে তা উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করেছে। এমরান রেজা খোকনের বিরুদ্ধে এর আগেও রাজনৈতিক পরিচয়ে অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। জানা যায়, তিনি অতীতে আওয়ামী লীগের উপজেলা যুবলীগের সভাপতি ওবায়দুর রহমানের ঘনিষ্ঠ ছিলেন এবং ৫ আগস্টের পর বিএনপিতে যোগ দেন। এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল সাত্তারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যশোর জেলা বিএনপি। শনিবার (২৮ জুন) জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক চিঠিতে আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে বা স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক রবিবার (২৯ জুন) জানান, কবরস্থানের গাছ কাটার ঘটনায় লিখিত অভিযোগ পেলে দলীয়ভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।



