যশোরে কবিরাজির নামে অর্থ ও স্বর্ণ আত্মসাৎ যশোরে প্রতারক গ্রেফতার

যশোর ব্যুরো ঃ কবিরাজির মাধ্যমে অর্থ ও স্বর্ণালংকার দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক সহজ সরল ও অধিক লোভী গৃহবধূর কাছ থেকে লক্ষাধিক টাকা ও স্বর্ণ আত্মসাতের অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকসটিম।
জানা গেছে,শহরের শংকরপুর রেলস্টেশন এলাকার নাসরিন (৪০) নামে এক বিধবা নারীর বাড়িতে প্রায় ৬ মাস আগে এক অজ্ঞাত ব্যক্তি এসে নিজেকে কবিরাজ হিসেবে পরিচয় দেয়। কথাবার্তার একপর্যায়ে সে দাবি করে,যেকোনো নগদ অর্থ বা স্বর্ণালংকার কবিরাজির মাধ্যমে দ্বিগুণ করে দিতে পারে।
প্রতারক কবিরাজ তার কথায় বিশ্বাস স্থাপন করতে ওই বিধবা নারীর সামনেই একটি টাকার নোট ডাবল’ করে দেখায়। এতে ওই নারী ও তার পরিবারের সন্দেহ দূর হয় এবং তারা কবিরাজের প্রলোভনে পড়ে যায়।
গত ২৪ জুন দুপুরে ওই নারীর বাড়িতে তার ছোট বোন বেড়াতে এলে একই সময় কবিরাজ ফের সেখানে উপস্থিত হয় এবং একই কৌশলে দুই বোনকেই প্রলুব্ধ করে। একপর্যায়ে তাদের ঘরে থাকা ৪ লাখ ২৫ হাজার টাকা এবং প্রায় তিন ভরি স্বর্ণালংকার একটি কার্টুনে রাখতে বলে কবিরাজ। সে জানায়,দুই ঘণ্টা পর এসব দ্বিগুণ হয়ে যাবে। তবে পরে দুই বোন তার দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে নম্বরটি বন্ধ পান। সন্দেহ হলে তারা কার্টুন খুলে দেখেন সেখানে শুধু কিছু কাগজপত্র রয়েছে। বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাটির দ্রুত তদন্ত ও অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চালায়। এরপর ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে এসআই (নিঃ) শিবু মন্ডল ও তার সঙ্গীয় ফোর্স ২ জুলাই গভীর রাতে অভয়নগরের ধোপাদী গ্রামে অভিযান চালিয়ে প্রতারক মো. ইসমাইল গাজী (৪৮) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের আনছার আলী গাজীর ছেলে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল গাজী প্রতারণার ঘটনা স্বীকার করে। তার দেওয়া তথ্যে তার হেফাজত থেকে নগদ ৩ লাখ ৪০ হাজার ৫০০ টাকা এবং প্রায় ৪০.১০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার ও জব্দ করা হয়।
ঘটনাটি নিয়ে কোতোয়ালি মডেল থানায় ওই নারী বাদি হয়ে ২ জুলাই সকালে মামলা করেছে। গ্রেফতারকৃত প্রতারক ভন্ড ও ভূয়া কবিরাজ ইসমাইল গাজীকে আদালতে সোপর্দ করা হয়েছে।



