ডুমুরিয়ায় জমির বিরোধের সুষ্ঠ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ঃ ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে সুষ্ঠ বিচার পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগি মোঃ শওকত আলী খানের পক্ষে মোঃ কাউসারউজ্জামান হিরা। এসময় উপস্থিত ছিলেন শওকত আলী খান, মনিরুজ্জাজামা ও খান ফাহিম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ডুমুরিয়ার শাহাপুর গ্রামের নওয়াব আলী খানের তৃতীয় স্ত্রীর সন্তান শওকত আলী খান। তার পিতা জীবদ্দশায় ৬৭৯৯/৮৪ নং দানপত্র দলিলে ৪.৭১ একর জমি শওকত ও তার ভাই মোহাম্মদ আলী খানের নামে হেবা করে দেন। পিতার মৃত্যুর পর তারা নানা বাড়িতে বেড়ে ওঠে। এরপর ২০১৬ সালে তারা পৈত্রিক ভিটায় ফিরে এসে বসবাস করতে থাকেন। ২০১৯ সালে দাদার ভাইয়ের ওয়ারেশ রবিউল ইকবাল খান শান্ত ভুয়া দলিল দেখিয়ে উক্ত দানপ্রাপ্ত জমি দখল করার পায়তারা চালায়। এর আগে অন্যান্য ওয়ারেশ ভাই-বোনদের সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয় শান্ত ও তার সহযোগিরা। তারা হলেন, এনামুল মোড়ল, আশরাফুল আলম খান, আইয়ুব আলী খান, আরাফাত খান, আশিকুজ্জামান খান, আব্দুল মান্নান খান (অবসরপ্রাপ্ত সেটেলমেন্ট অফিসার), খান আসাদুজ্জামান, দেব্রত পাড়ৈ, সালাহ উদ্দিন মোড়ল, পিন্টু বিশ^াস, প্রকাশ মন্ডল, অমিয় বাছাড়, সাগর মন্ডল, চন্দন বিশ্বাসসহ আরও অনেকে। এরপর জেলা রেকর্ড রুম তথ্যানুযী তারা জানতে পারেন, রবিউল ইকবাল খান শান্ত সীল-স্বাক্ষর জালিয়াতি করে শওকতের মালিকানাধীন জমি নিজের বলে বিক্রি করে। ফলে গত ২০১৯ সালে ১৭ অক্টোবর খুলনা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভূক্তভোগি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করতে উপজেলার সহকারি কমিশনার (ভূমি)’কে অবহিত করা হলে তিনি শান্তকে তলব করলে তিনি ভূমি অফিসে আসেননি। বিষয়টি ধামাচাপা দিতে ডুমুরিয়া সেটেলমেন্ট অফিসের জাকির হোসেন পাঁচ লাখ টাকা দাবি করেন। এমনকি তৎকালীন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, ঐ জমির অর্ধেক তার নামে লিখে দেওয়ার প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় শওকত আলী খানের বিরুদ্ধে ১০/১২টি মামলা হয়। এছাড়াও ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারী শওকত খানকে অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে। এসব হামলার ঘটনায় তিনি খুলনা রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার বরাবার লিখিত অভিযোগ করলেও এখনো প্রতিকার পায়নি। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন। সর্বশেষে তিনি এ সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত রবিউল ইকবাল খান শান্ত ও তার সহযোগিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।


