বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যাবসায়ীকে অপহরণের ঘটনায় গ্রেফতার ৪ : আসামীকে আদালতে সোপর্দ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জিয়াউর রহমান হাওলাদার (৪৬) নামের একজন ব্যবসায়ীকে মারধর করে অপহরণের ঘটনায় গ্রেফতার ৪ আসামীকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। মোড়েলগঞ্জ থানা পুলিশ সোমবার সকালে তাদের আদালতে নিয়ে আসে । এর আগে অপহরণের হাত থেকে বেঁচে যাওয়া জিয়াউর রহমানের ভাগ্নে জুয়েল আকন বাদী হয়ে রবিবার রাতে এ ঘটনায় মামলা দায়ের করেন। মামলায় ৯ জনের নাম পরিচয়সহ অজ্ঞাত আরো ৪/৫ জন কে আসামী করা হয়েছে। পুলিশ এ মামলার প্রধান আসামি খুলনা বটিয়াঘাটা উপজেলার দক্ষিণ মাথাভাঙ্গা গ্রামের আব্দুস সত্তার রাজ (৫৫)সহ অপর আসামি মোরেলগঞ্জের হোগলাবুনিয়া গ্রামের এইচ.এম খলিলুর রহমান (৪২), বটিয়াঘাটার তেতুলতলা গ্রামের মোয়াজ্জেম হাওলাদার (৪০) ও গাড়ির চালক খুলনার নিরালা গ্রিনভিউ এলাকার এনামুল হকের ছেলে আমিরুজ্জামান খোকন (৫৫) কে গ্রেফতার ও অপহরন কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করেছে পুলিশ। ঘটনা বিষয়ে পুলিশ জানায়, রবিবার সকাল ৭টার দিকে মোড়েলগঞ্জ আমতলী গ্রামের মজিদ হাওলাদারের ছেলে ব্যবসায়ী জিয়াউর রহমান আমতলী বাজারে একটি দোকানে চা খাচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেট গাড়িতে ও ৪-৫টি মোটরসাইকেলে করে ১৫-২০ জন দুবৃর্ত্ত তাকে মারধর করে চোখ বেঁধে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় জিয়াউর রহমানের স্ত্রী ময়না বেগম ও স্থানীয়রা ৯৯৯ নম্বরে জানালে মোরেলগঞ্জ থানা পুলিশ ফেরি আটকে দিয়ে সেই গাড়িসহ অপহরণকারী চক্রের ৪ জনকে গ্রেফতার করে এবং অপহৃত জিয়াউর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করে। মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, জিয়াউর রহমানকে অপহরণের চেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মূল আসামিসহ ৪ জনকে গ্রেফতার ও অপহরণের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।


