দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র চলছে, কিন্তু ষড়যন্ত্র করে লাভ হবে না : তুহিন

# ১৬ ও ২০নং ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, আমাদের নেতা তারেক রহমানকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এটা কীসের ইঙ্গিত। এ ইঙ্গিত হচ্ছে নির্বাচনকে ব্যাহত করার, কিন্তু সব ষড়যন্ত্র আমরা রুখে দেব। ষড়যন্ত্র রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে। বিএনপির মূল শক্তি হলো জনগণ। বিএনপি জনগণের শক্তিতে বলীয়ান, কোনো ষড়যন্ত্র বিএনপিকে নিঃশেষ করতে পারেনি, আগামীতেও পারবে না। এমন কোনো শক্তি নাই জনগণ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করবে। কেউ যদি মনে করে তারা বোকার স্বর্গে বাস করছেন। শুক্রবার (২৫ জুলাই) বিকালে সোনাডাঙ্গা থানার ১৬নং ওয়ার্ড ও সন্ধ্যায় ২০নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সততার প্রতীক। তার গড়া দল বিএনপি দেশের সবচে জনপ্রিয় রাজনৈতিক দল। স্বাধীনতা যুদ্ধের প্রারম্ভে রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তহীনতায় দেশের মানুষ যখন দিশাহারা ঠিক সেই মুহূর্তে ২৬শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা সারা জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করেছে। তাঁর ঘোষণায় দেশের তরুণ, যুবকসহ নানা স্তরের মানুষ মরণপণ যুদ্ধে সামিল হয়। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন না। জাতি যখন নেতৃত্বশূন্য দিশাহারা তখনই জিয়াউর রহমান উজ্জ্বল নক্ষত্রের মতো আবির্ভাব হয়েছিলেন। জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি। তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধ পরিচালনায় তিনি চৌকস জেড ফোর্স গঠন ও পরিচালনা করেন। বীরত্বের সঙ্গে জীবনবাজি রেখে যুদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জনের পর আবার ফিরে যান ক্যান্টনমেন্টে।
তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে একটি দল বেহেস্তের টিকেট বিক্রি করছে। তাদের কোনো জনসমর্থন না থাকায় তারা মানুষকে শপথ করাচ্ছেন। বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা অনেক জেল-জুলুম, নির্যাতন সহ্য করেছে, কিন্তু কেউ বিএনপি ছেড়ে যায়নি। স্বাধীনতার পর জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান জামায়াতকে ১৯৭৮ সালে আবার রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র চলছে, কিন্তু কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। সব ষড়যন্ত্র এদেশের জনগণ প্রতিহত করবে-ইনশাআল্লাহ। তিনি বলেন, অন্তর্বরতীকালীন সরকার রাজনৈতিক প্রতিনিধিত্বশীল সরকার নয়, এটা তাদের সীমাবদ্ধতা। সুতরাং তাদের উচিত দ্রুত নির্বাচন দিয়ে দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়া। জনগণই সিদ্ধান্ত নেবে আগামীর বাংলাদেশ কীভাবে চলবে; পরিবর্তন কী হবে।
১৬নং ওয়ার্ড: ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যাক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, থানা বিএনপির সাবেক আহবায়ক সাজ্জাদ আহসান পরাগ, সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পিসহ বিএনপি ও অঙ্গ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শওকত হোসেন লাবু বিশ্বাস।
২০নং ওয়ার্ড: ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর শ্রমিকদলের আহবায়ক মজিবর রহমান, থানা সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পিসহ বিএনপি ও অঙ্গ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়ারা।



