পাটকল চালুর দাবিতে আজ খুলনায় গণসংহতি আন্দোলনের পদযাত্রা ও সমাবেশ

খবর বিজ্ঞপ্তিঃ জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষায় নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্দোবস্তের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর এবং বন্ধকৃত ২৬টি রাষ্ট্রীয় পাটকল- নিউজপ্রিন্ট – হার্ডবোর্ড মিলসহ খুলনার শিল্প কলকারখানা চালুর দাবিতে গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির উদ্যোগে আজ সোমবার জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। জুলাই পদযাত্রা খালিশপুর গোল চত্বর থেকে বিকেল ৪টায় শুরু হবে এবং শেষ হবে নগরীর শিববাড়ী মোড়ে এসে। পদযাত্রার সমাপ্তির পর সমাবেশ অনুষ্ঠিত হবে। এই পদযাত্রা ও সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু। এই পদযাত্রা ও সমাবেশে সভাপতিত্ব করবেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল। এদিকে জুলাই পদযাত্রা ও সমাবেশ সফলের লক্ষ্যে রবিবার দিনব্যাপী খুলনা সদর, গল্লামারী ও বটিয়াঘাটা উপজেলায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হয়। গণসংযোগে অংশগ্রহণ করেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, উপজেলা সংগঠক কবি নাজমুল তারেক তুষার, বাংলাদেশ ছাত্র ফোডারেশনের কেন্দ্রীয় সদস্য সাকিবুল ইসলাম শাফিন। যশোর জেলার অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় মাইক প্রচার, গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হয়। এসকল কর্মসূচিতে অংশগ্রহণ করেন, গণসংহতি আন্দোলন অভয়নগর উপজেলার আহবায়ক রাফেজা বেগম, সদস্য সচিব সামস সারফিন সামন , যুগ্ম আহবায়ক মোঃ জহুরুল সরদার, নাইম উদ্দীন, সাকিব ইসলাম, মোঃ আনিস, নাহিদ, রুবেল প্রমুখ।



