মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত-২

মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও একজন পথচারী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা একজন আরোহী আহত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চাঁদেরহাট এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
এ দুর্ঘটনায় মোল্লাহাট উপজেলার আগাকেন্দুয়া এলাকার মৃত-কালাচাদ বৈদ্য’র ছেলে রাজেশ্বর বৈদ্য (৬৫) এবং বরগুনার বামনার সদিপুর শিকদার বাড়ীর মৃত-দুলাল শিকদারের ছেলে মো: সাইদুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চুয়াডাঙ্গা এলাকার আইয়ুব আলীর ছেলে মাহবুব হোসেন (২৮)
পুলিশ জানায়, স্থানীয় আগাকেন্দুয়া এলাকার মৎস্যচাষী পথচারী রাজেশ্বর বৈদ্য মহাসড়ক পার হওয়ার সময় বরিশাল থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে দুই আরোহীসহ পথচারী রাজেশ্বর বৈদ্য মহাসড়কে ছিটকে পড়ে এবং গুরুত্বর আহত হয়। খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ঘটানাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফকিরহাটে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী মো: সাইদুল ইসলামকে মৃত বলে ঘোষনা করেন। আহত পথচারী রাজেশ্বর বৈদ্যকে উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্সযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এদিকে দুর্ঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহী মাহবুব হোসেনকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল আরোহী দুজন পৃথক দুটি কোম্পানীতে কর্মরত ছিলেন, তারা দুজনই বরিশাল থাকতেন। এদিন তারা বরিশাল থেকে খুলনা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।



