দিঘলিয়ায় মাদক ব্যবসার অন্তরালে চুরির হিড়িক মানুষের কাটছে নিদ্রাহীন রজনী

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের আধিপত্যের পাশাপাশি চুরির হিড়িক পড়েছে। মানুষের কাটছে নিদ্রাহীন রজনী। গভীর রাত অবধি মাদকের অবাধ কেনা বেচার পাশাপাশি সংঘবদ্ধ অপরাধী চক্রের বাড়ি বাড়ি চলছে সশস্ত্র হামলা দস্যুতা ও চুরি।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বিগত কয়েক মাস আগে ফরমাইশখানা গ্রামের দিকে ছিনতাই, দস্যুতা ও বাড়ি বাড়ি যেয়ে হানা দিচ্ছে বিভিন্ন বাড়িতে। কিছুদিন আগে ফরমাইশখানা গ্রামের ইমরানের ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে নগদ টাকা ও দুইটা দামী মোবইল চুরি হয়েছে। ইমরান এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের ও জিডি করেছে। গত কয়েকদিন আগে ফরমাইশখানা কমিউনিটি ক্লিনিকের জানালা দিয়ে রাউডার ও অনু চুরি করে নিয়ে যায় চোরেরা। গত রবিবার গভীর রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের ফরমাইশখানা বাড়ি থেকে গ্রীলের তালা খুলে তালাসহ পানির মোটর চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোর চক্র।
সম্প্রতি পথের বাজারের মীম হার্ডওয়্যার থেকে নগদ ৪২ হাজার টাকা ও মালামাল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোর সিন্ডিকেট। গানিগাতী গ্রাম থেকে মনির হোসেনের বাড়ি থেকে দস্যুচক্র স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে। রিতিমত দুর্বৃত্তায়ন হয়েছে উক্ত বাড়িতে। কয়েকদিন আগে সেনহাটি আদর্শ পল্লী এলাকায় একই রাতে ৪ বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। সম্প্রতি দুই বাড়ি থেকে পানির মোটর খুলে নিয়ে গেছে সংঘবদ্ধ চোর চক্র। এলাকায় পুলিশের অভিযানের পাশাপাশি অপরাধীদের অপৎপরতাও বিভিন্ন এলাকায় বেড়ে গেছে। মহল্লায় মহল্লায় গাঁজা ও ইয়াবার কেনাবেচা বেড়েই চলেছে। পাশাপাশি শুরু হয়েছে চুরির হিড়িক। আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সদস্যদের তৎপরতা সমাজের মাদক সিন্ডিকেট ও চোর সিন্ডিকেটে একটুও ভীতির সঞ্চার করতে পারেনি। বরং তাদের অপরাধ দিন দিন মানুষের শান্তি ও ঘুম কেড়ে নিচ্ছে।



