স্থানীয় সংবাদ

কমলাপুরের ভিড়ে হারিয়ে যাওয়া খুলনার ইব্রাহীম ফিরে এলো মায়ের কোলে

১১ দিন পরে শুনল ‘মা’ ডাক,

স্টাফ রিপোর্টার ঃ ১১ দিন ধরে নিখোঁজ ছিল খুলনার আড়ংঘাটা এলাকার ৮ বছরের শিশু রাইন ইসলাম ইব্রাহীম। কৌতূহলবশত ট্রেনে উঠে ঢাকায় চলে আসা এই শিশুটিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘোরাঘুরির সময় খুঁজে পায় শিশু অধিকার নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন – লিডো। পরিবার হারিয়ে ফেলা ইব্রাহীমকে আশ্রয় দেয়া হয় লিডোর কমলাপুর ট্রানজিশনাল শেল্টারে। নিবিড় কাউন্সেলিংয়ের মাধ্যমে শিশুটির পরিচয় শনাক্ত করে শুরু হয় তার পরিবারের সন্ধান। ১১ দিনের চেষ্টার পর লিডোর পক্ষ থেকে শিশুটিকে তার বাবার হাতে ফিরিয়ে দেওয়া হয় শুক্রবার (১ আগস্ট), মুগদা থানায় (জিডি নং: ২৩)।
এই সময় উপস্থিত ছিলেন মুগদা থানার ওসি, ডিউটি অফিসার, নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা, লিডোর শেল্টার ইনচার্জ সাহেলা খান রিমু, সমাজকর্মী মাসুদ মাহাতাব, ও সোশ্যাল মোবিলাইজার মাহফুজুর রহমান। শিশুটির বাবা দিনমজুর মোহাম্মদ হোসেন শেখ বলেন,“২২ জুলাই সকালে ১০০ টাকা নিয়ে দোকানে গিয়েছিল ইব্রাহীম। তারপর সে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজন ও আশপাশের এলাকাসহ রাজশাহী, রংপুর, ঢাকা, নারায়ণগঞ্জ পর্যন্ত খুঁজেছি। লিফলেট করেছি, স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি। মনে হচ্ছিল ছেলেটাকে আর কোনোদিন পাবো না। আজ লিডোর কারণে সে আমার কোলে ফিরেছে।”
লিডোর সমাজকর্মী মাসুদ মাহাতাব বলেন,
“২৩ জুলাই কমলাপুর স্টেশনে এলোমেলো ঘোরাঘুরি করতে থাকা এক শিশুকে দেখতে পেয়ে আমরা তার সঙ্গে কথা বলি। জানতে পারি, সে কৌতূহলবশত ট্রেনে উঠে পড়ে খুলনা থেকে ঢাকায় চলে এসেছে। পরে কিছু ভাসমান শিশুর সাথে সে কমলাপুরে এসে হারিয়ে যায়। আমরা তাকে ঢাকা রেলওয়ে থানার ১২০২ নং জিডির মাধ্যমে উদ্ধার করে শেল্টারে নিয়ে আসি পরিচয় শনাক্ত করি এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করি।”২০০০ সাল থেকে লিডো পথশিশু, অনাথ ও ঝুঁকিপূর্ণ শিশুদের অধিকার, নিরাপত্তা, পুনর্বাসন ও পরিবারের সঙ্গে পুনর্মিলনের লক্ষ্যে কাজ করে আসছে।
“স্কুল আন্ডার দ্য স্কাই”, মোবাইল স্কুল, ট্রানজিশনাল শেল্টার, পুষ্টি ও স্বাস্থ্যসেবা, এবং পরিবারভিত্তিক সমাজিক পুনর্বাসনের মতো কার্যক্রমের মাধ্যমে লিডো হাজারো শিশুর জীবনে আলোর রেখা হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button