খুলনা এইচএসটিটিআইতে পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

খানজাহান আলী থানা প্রতিনিধিঃ খুলনা সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ মোঃ হুমায়ুন কবির বলেছেন” বাংলাদেশের অনগ্রসরতা দূরী করণে দক্ষতা উন্নয়নে তথ্য প্রযুক্তির বিকল্প নেই। তথ্য প্রযুক্তিতে আগামী প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষক হলেন জাতি গঠনের কারিগর। সমাজের মূল্যবোধ নৈতিকতা সমুন্নত রাখতে এবং আধুনিক উন্নত বাংলাদেশ গঠন করতে শিক্ষকদেরকে আরো আন্তরিক ভাবে দক্ষতার সাথে কাজ করতে হবে। আগামীর বাংলাদেশে প্রত্যেকটি নাগরিককে আইসিটি জ্ঞানে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে। তিনি আরো বলেন, শিক্ষকদের প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় প্রযুক্তিগত সেবা পৌঁছে দিতে সকলকে নিজ নিজ স্থান থেকে কাজ করতে হবে।” গতকাল ১৭ আগস্ট রবিবার তিনি খুলনার তেলিগাতীতে অবস্থিত উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (এইচএসটিটিআই) এ উচ্চ মাধ্যমিক স্তরের কলেজ শিক্ষকগণের ১০৭তম বিষয়ভিত্তিক পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এইচএসটিটিআই এর অতিরিক্ত পরিচালক ও পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ মোহতাশামুল হকের সভাপতিত্বে এবং এইচএসটিটিআই এর সহকারী পরিচালক ও কোর্স সমন্বয়ক মুহাম্মাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এইচএসটিটিআই এর উপপরিচালক(ইনসিটু) ও প্রধান কোর্স সমন্বয়ক প্রফেসর এস এম শওকত হোসেন, উপ-পরিচালক(ইনসিটু) প্রফেসর ড. প্রদীপ কুমার মন্ডল ও সহকারী পরিচালক মুহাম্মাদ আব্দুল্লাহ । ৪০ দিনব্যাপী এই কোর্সে খুলনা বিভাগের ১০টি জেলার ৫০টি কলেজের মোট ৮৮জন কলেজ শিক্ষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন, পৌরনীতি ও সুশাসন এবং আইসিটি দক্ষতা ও নেতৃত্ব বিকাশের গুনাবলী অর্জনের লক্ষে পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছে। আগামী ২৫ সেপ্টেম্বর ১০৭তম বিষয় ভিত্তিক এই প্রশিক্ষণ কোর্স শেষ হবে।



