অর্থকষ্টে নিজের গয়না বিক্রি করেছেন অপু

প্রবাহ বিনোদন : ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরেই কোনো সিনেমায় নেই। বর্তমানে নিজের ব্যবসা ও বিভিন্ন পণ্য, প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত সময় কাটছে তার। গত কয়েক বছর ধরেই এই নায়িকার প্রফেশনাল ক্যারিয়ারের থেকে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনা হয়েছে ভক্তমহলে। কারণ হাতে সিনেমার কাজ না থাকলেও প্রাক্তন স্বামী শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিকবার সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি।
একাধিক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে নিজের ব্যবসা ও সন্তান নিয়েই যত ব্যস্ততা। পাশাপাশি চেষ্টা করছেন শাকিব খানের পরিবারের সঙ্গে সুন্দর কিছু সময় কাটানোর।
তবে এরই মধ্যে সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, তিনি এখন আর্থিকভাবে সফল হলেও একটা সময় নিদারুণ অর্থকষ্টে ভুগেছেন। সময়টা ছিল ২০১৭ সাল। যখন সন্তান আব্রাম খান জয়ের জন্মের পর ভারত থেকে দেশে ফেরেন তিনি। অপুর কথায়, ছেলেকে নিয়ে দেশে ফেরার পর হাতে একেবারেই কোনো টাকা পয়সা ছিল না, ব্যাংকে তো দূরের কথা। তখন বুঝেছি, যাদের অর্থের অভাব আছে তাদের প্রতিদিন কীভাবে হিসেব করে চলতে হয়। আমিও সেই থেকে মিতব্যয়ী হয়েছি।’



