মহেশ্বরপাশা খাদ্যগুদামে নির্মানাধীন সাইলো পরিদর্শনে এসে ডিজি : খাদ্য বিভাগের দুর্নীতিবাজদের রক্ষা নেই

স্টাফ রিপোর্টার ঃ খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেন, খুলনা খাদ্য বিভাগের সাবেক আরসি ফুড ইকবাল বাহার ও হিসাব রক্ষক শাহিন যে দুর্নীতি করেছে তাদের কোন ছাড় দেয়া হবে না। শুধু তারা নয় খাদ্য বিভাগের কোন কর্মকর্তা-কর্মচারি দুর্নীতির সাথে জড়ালে তাদের রক্ষা নেই। শাস্তিমূলক প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের দু’জনকে খুলনা থেকে অন্যত্র বদলী করা হয়েছে। এরপর তাদের অনিয়মের অভিযোগের তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার সকালে খুলনার মহেশ্বরপাশা খাদ্য গুদামে নির্মাণাধীন সাইলো পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারিদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খাদ্য বিভাগের জনশক্তির খুবই সংকট। তারপরও যা আছে তাই দিয়ে অফিস পরিচালনা করতে হবে। তবে দক্ষ জনশক্তির বড়ই অভাব। এই বিভাগের ১৪ হাজার জনবলের জায়গা রয়েছে মাত্র ৭ হাজার। তবে দক্ষ জনবলের জন্য সম্প্রতি খাদ্য বিভাগ নিয়োগ দেয়। ১২৫ জন নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হলেও যোগ্য প্রার্থী পাওয়া গেছে মাত্র ২০ জন। বাকী পদে দক্ষ প্রার্থী না থাকায় কর্তৃপক্ষ নিয়োগ দিতে পারেনি। এ জন্য দক্ষ জনশক্তি খুবই প্রয়োজন এই বিভাগে। সভায় বক্তৃতা করেন সাইলোর প্রজেক্ট ডাইরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, ডিসি ফুড হুমায়ুন কবির, আরসি ফুড মামুনুর রশীদ, জামিল হোসেন চৌধুরী,অলিউর রহমান, মহেশ্বরপাশা খাদ্য গুদামের ম্যানেজার মোঃ মোশাররফ হোসেন, খুলনা সিএসডির ম্যানেজার ইকবাল হোসেন, বাদল কুমার বিশ্বাস, অনিন্দ্য কুমার, জাকির হোসেন, সুলতানা খানম, মোজাহার বিশ্বাস, মনিরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আসাদুল্লাহ গালিব প্রমূখ। প্রকল্প প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মহেশ্বরপাশা খাদ্য গুদামের ভিতর ৬ একর জমির উপর এই সাইলো নির্মানাধীন। এটা নির্মাণ প্রায় শেষ। এখন ফিনিশিং-এর কাজ চলছে। যা খাদ্য সংরক্ষণে আমুল পরিবর্তন আসবে। এরপর ডিজি খুলনা খাদ্য গুদাম পরিদর্শন করেন।
