জাতীয় সংবাদ

হোটেল ওয়েস্টিন থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকের লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট : রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামে এক যুক্তরাষ্ট্রের নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ওসি হাফিজুর রহমান। ওসি জানান, গত ২৭ আগস্ট জ্যাকসন যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে হোটেল ওয়েস্টিনে একটি কক্ষ ভাড়া নেন। তবে গত দুদিন ধরে তিনি কোনো খাবার অর্ডার না করায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তারা যুক্তরাষ্ট্র দূতাবাস ও পুলিশকে অবহিত করে। খবর পেয়ে দূতাবাসের একটি মেডিকেল টিম ও পুলিশের একটি দল হোটেলে যায়। কক্ষে ঢুকে তারা জ্যাকসনকে মৃত অবস্থায় বিছানায় শুয়ে থাকতে দেখেন। ওসি হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে মৃত্যুকে স্বাভাবিক মনে হওয়ায় দূতাবাস কর্তৃপক্ষ লিখিতভাবে লাশ হস্তান্তরের আবেদন করে। এরপর তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, জ্যাকসন ব্যবসায়িক কাজে বাংলাদেশে এসেছিলেন এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে হোটেল ওয়েস্টিনে অবস্থান করেছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button