নিখোঁজের তিন দিন পর জমিয়ত নেতার ভাসমান লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ নিখোঁজের তিন দিন পর গতকাল শুক্রবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি ও জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী মঙ্গলবার রাতে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামে নিজ বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বেরিয়ে যান। পরে তিনি স্ত্রীকে ফোন করে বলেন, আমি সুনামগঞ্জ আসছি এক ঘণ্টার মধ্যে বাড়ি ফিরে আসবো। তারপর থেকে মুশতাক আহমদ গাজীনগরীর ফোন বন্ধ পাওয়া যায়। এরপর রাত ১১টায় তাকে দিরাই রাস্তার মোড়ে শেষবারের মতো দেখা যায়। তারপর পরিবারের লোকজন তার সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারেননি। এ ঘটনার পর গত বুধবার শান্তিগঞ্জ থানায় তার স্ত্রী রুবি বেগম নিখোঁজ ডায়েরি করেন। পরে নিখোঁজের ঘটনা পুলিশ প্রশাসনকে জানানো হলে পুলিশ ও পরিবারের সদস্য এবং রাজনৈতিক দলের সহকর্মীরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। গতকাল শুক্রবার সকালে দিরাই উপজেলার শরীফপুর গ্রামের পাশে নদীর পানিতে ভাসমান লাশ দেখে পরিবারের লোকজনকে খবর দিলে তারা এসে মুশতাক আহমদ গাজীনগরীর লাশ শনাক্ত করেন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে, গত বৃহস্পতিবার দুপুরে মুশতাক আহমদ গাজীনগরীরে সন্ধান ও উদ্ধারের দাবিতে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ করেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীরা। মাওলানা মোঃ মুশতাক আহম্মদ গাজীনগরী শান্তিগঞ্জের বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে। তিনি সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হাম্মাদ আহমদ গাজীনগরীর চাচাতো ভাই। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল বলেন, দিরাইয়ের শরীফপুর এলাকায় নদীতে ভেসে ওঠে মোস্তাক আহমদ গাজীনগরীর লাশ। পুলিশ নৌকায় ঘটনাস্থলে লাশ উদ্ধারের জন্য যাচ্ছে। পুলিশ সেখানে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর মৃত্যুর প্রাথমিক কারণ জানা যাবে। তখন প্রাথমিকভাবে বলা যাবে প্রাথমিক ঘটনা ও মৃত্যুর কারণ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ নিখোঁজের দিন থেকে মোস্তাক আহমদ গাজীনগরীর অনুসন্ধান করেছে। গতকাল শুক্রবার সকালে পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।



