খুলনার নদী থেকে যুবকের ও খুমেক হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ খুলনার শিপইয়ার্ড ১নং পন্টুনের সাথে ভেসে থাকা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২ টার দিকে ওই যুবকের মরদেহ দেখে নৌপুলিশকে জানানো হলে তারা লাশটি উদ্ধার করে। তবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রূপসা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, দুপুর পৌনে ১২ টার দিকে শিপইয়ার্ড ১নং পন্টুনের সাথে বেধে থাকা অজ্ঞাত পরিচয়ে যুবকের মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা দুপুর ১ টা ৫ মিনিটে গিয়ে তা উদ্ধার করি। তার পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে। শরীরের কিছু অংশে পচন ধরেছে। তাছাড়া যুবকের পরনে একটি সাদা পায়জামা এবং উপরের অংশে কোন কিছু ছিলনা। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সিঁড়ি থেকে পড়ে গিয়ে অজ্ঞাতনামা (৪৮) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর পৌনে ৫ টার দিকে ঘটনাটি ঘটে। তবে তার পরিচয় এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চতুর্থ তলার সিঁড়ি দিয়ে নামার সময় ওই যুবক হঠাৎ পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, মৃত ওই যুবককে এর আগে রাত সাড়ে ১২টার দিকে রূপসা ব্রিজের টোল প্লাজার পাশ থেকে আজিজুল ও ওসমান নামের দু’ ব্যক্তি বিষপান করা অবস্থায় উদ্ধার করে। এরপর রাত ১টা ৫৮ মিনিটে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৫ নম্বর ইউনিটের (১৯-২০) ওয়ার্ডে রাখা ছিল। পরবর্তীতে ওই যুবক হেটে বের হয়ে অর্থোপেডিক্স বিভাগের সিড়ির দিকে গেলে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোনাডাঙ্গা থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, সিঁড়ি থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে এমন সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার পরিচয় শনাক্তে সিআইডি এবং পিবিআইয়ের বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মৃত ওই যুবকের পরিচয় শনাক্ত করবে।



