স্থানীয় সংবাদ

বাগেরহাটে চলছে গণ-স্বাক্ষর কর্মসূচি : পাশাপাশি নির্বাচন অফিস চত্বরে অবস্থান

# ৪টি নির্বাচনি আসন ফেরাতে #

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ৪টি নির্বাচনি আসন পুর্নবহালের দাবিতে জেলা সদরে চলছে গণস্বাক্ষর কর্মসূচি। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিএনপি-জামায়াতের নেতৃত্বে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সকালেই জেলা নির্বাচনি কার্যালয়ের সামনে তারা অবস্থান নেন। এরআগে মঙ্গলবার বিকালে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গণ-স্বাক্ষর কার্যক্রম শুরু করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আন্দোলনকারীরা জানান, দুর্গাপূজা পর্যন্ত গণ-স্বাক্ষর চলবে এবং এ সময়ের মধ্যে হরতাল-অবরোধের মতো কর্মসূচি থাকছে না। তবে দাবি আদায় না হলে দুর্গাপূজার পর হরতালসহ আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর ও বিএনপি নেতা এম.এ সালাম বলেন, আমরা জেলার ৪টি আসন বহালের দাবিতে গণ-স্বাক্ষর নেওয়া শুরু করেছি। স্বাক্ষর করার জন্য বাঁধাই করা বই তৈরি করা হয়েছে, যা প্রতিটি উপজেলা ও পৌরসভায় পাঠানো হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বাগেরহাটবাসীর একতাবদ্ধ দাবি স্পষ্ট হবে। উল্লেখ্য গেল ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের ৪টি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় ৩টি আসন করার প্রাথমিক প্রস্তাব হয়। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। ৪টি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটের নেতৃবৃন্দ। অথচ, ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে ৩টি আসনই জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস গণ মানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button