জাতীয় সংবাদ

এক মাস পর দেশে এলো দুবাইয়ে হত্যার শিকার সবুজের লাশ

প্রবাহ রিপোর্ট : জীবিকার তাগিদে স্বপ্নের সন্ধানে দুবাই পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের মতলব উত্তরের যুবক মো. সবুজ (৩৬)। কিন্তু সেই প্রবাস জীবনেই হত্যার শিকার হয়ে ফিরলেন নিথর দেহ হয়ে। গত বৃহস্পতিবার অ্যাম্বুলেন্সযোগে সবুজের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে মুহূর্তেই কান্নায় ভেঙে পড়ে স্বজনরা। প্রবাসে নিহত তরুণকে শেষবারের মতো দেখতে গ্রামের শত শত মানুষ ছুটে আসেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট রাত ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আজমান কেরামা এলাকায় ওমান প্রবাসীর হাতে হত্যার শিকার হন সবুজ। প্রায় এক মাস কাগজপত্র ও আইনি প্রক্রিয়ার জটিলতায় লাশ পড়ে ছিল বিদেশের মাটিতে। সব আইনি প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে আসে তার লাশ। ঘটনার দিন সবুজ তার ভাড়া বাসায় থাকা এক ওমানি ব্যক্তির কাছে বকেয়া ভাড়া চাইতে গেলে বাকবিত-ার সৃষ্টি হয়। একপর্যায়ে ওই ব্যক্তি সবুজের মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। সবুজের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর ভাষ্য, সবুজ ছিলেন প্রাণবন্ত ও পরিশ্রমী তরুণ। সবুজের মা পারুল বেগম বলেন, আমার ছেলেটা কষ্ট করে সংসার চালাতে বিদেশে গিয়েছিল। জানতাম একদিন স্বপ্ন পূরণ করে ফিরবে, কিন্তু আজ সে লাশ হয়ে ফিরলো। আমি এখন কার দিকে তাকাবো? নিহতের স্ত্রী রীমা বলেন, আমার ১০ বছরের ছেলে বাইজিদ তার বাবার জন্য কাঁদছে। সে এখন বাবাহারা হয়ে গেলো। আমাদের জীবনে অন্ধকার নেমে এলো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button