স্থানীয় সংবাদ
যশোরের মনিরামপুরে ভূমিকম্প অনুভূতি

যশোর ব্যুরো ঃ যশোরের মনিরামপুরে মৃদু ভূমিকম্প অনুভূতি হয়েছে। শনিবার ২৭ সেপ্টেম্বর দুপুর ২টা ২৭ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মনিরামপুরেই।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, এটি ছিল নি¤œ মাত্রার ভূমিকম্প।
ভূমিকম্পের সময় সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার শিশু নিলয় ফাউন্ডেশনের ফিনান্স অফিসার বায়জিদ হোসেন সামাজিক মাধ্যমে লিখেছেন, “হঠাৎ মনে হলো চেয়ার থেকে পড়ে যাচ্ছি। উপরে ফ্যানের দিকে তাকালাম, দুলছে কিনা! পরে বুঝতে পারি ভূমিকম্প হয়েছে।”
চলতি মাসে এ নিয়ে দেশে তৃতীয়বার ভূমিকম্প অনুভূত হলো। এর আগে ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প এবং ২১ সেপ্টেম্বর সিলেটের সুনামগঞ্জের ছাতকে ৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল।#



