স্থানীয় সংবাদ

টাকা লোপাটের দিন শেষ, খুদিয়া খাল হবে জনগণের : বকুল

কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনকালে

খবর বিজ্ঞপ্তি ঃ লুটপাটের দিন শেষ, খুদিয়া খাল হবে জনগণের উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, অতীতের সরকার খাল পুনঃখননের নামে টেন্ডার করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি-বরং টাকা লোপাট হয়েছে। ফলে খালটি ভরাট হয়ে বর্ষাকালে গ্রাম প্লাবিত হয়। জনগণের ভোটে নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ১০ কিলোমিটার দীর্ঘ খুদিয়া খাল পুনঃখনন করে জনগণের জন্য উন্মুক্ত করা হবে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর দৌলতপুর আড়ংঘাটা এলাকায় খুদিয়া খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, খালের দুই পাশে বসতি থাকায় জনগণের সুবিধার্থে কালভার্ট নির্মাণ করা হবে। পাশাপাশি খালের পাশের সড়কও পুর্নর্নিমাণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে স্থানীয়দের সহায়তায় গৃহীত এই পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ, ডেঙ্গু প্রতিরোধে মশা নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বকুল আরও বলেন, একসময় এই খালে নৌকা ও ট্রলার চলত। আজ তা অতীত। তবে জনগণের চাহিদা অনুযায়ী নতুন পরিকল্পনায় খালকে ব্যবহারোপযোগী করে তোলা হবে। এ সময় খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি, ছাত্রদল ও যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button