জাতীয় সংবাদ

ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রবাহ রিপোর্ট : ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এ ধরনের ঘটনা যাতে ঘটাতে না পারে, সে জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। গতকাল সোমবার রাজধানীর রমনায় আদাবর, কদমতলী, ভাষানটেক, রমনা ও রামপুরা থানা ভবনের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, একটি মহল খাগড়াছড়ির পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। আমাদের দেশে এখন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব চলছে। এ উৎসব যাতে শান্তিপূর্ণভাবে করতে পারে তার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। কিন্তু একটি মহল চাচ্ছে, এ উৎসব যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সঙ্গে ও উৎসবমুখরভাবে পালন করতে না পারে। এজন্য একটি মহল চেষ্টা করে যাচ্ছে। এমন একটি মহল খাগড়াছড়িতে ঘটনা ঘটানোর চেষ্টা চালাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা তিনি ওখানেই রয়েছেন। তিনি বিষয়টি দেখছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক আছে। তিনি বলেন, আপনারা জানেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে ফায়ার করেছে। অনেক সময় এ হাতিয়ারগুলো বাইরে থেকে আসে। এটা প্রতিহত করতে হলে আপনাদের সবার সাহায্য ও সহযোগিতা প্রয়োজন হবে। গতকাল (গত রোববার) থেকে আমাদের দেশে একটি বড় ধর্মীয় উৎসব শুরু হয়ে গেছে। এ উৎসবের সময় কেউ যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে রাস্তাঘাট বন্ধ না করে। এ উৎসব যেন নির্বিঘেœ পালন করতে পারে সেজন্য সবাইকে বলবো সাহায্য সহযোগিতা করার জন্য, যোগ করেন উপদেষ্টা।
মানবপাচারের বিরুদ্ধে বেশকিছু পদক্ষেপ নিয়েছে সরকার: এদিকে, গতকাল সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে পাচারের শিকার ব্যক্তিদের শনাক্তকরণ, সুরক্ষা এবং সহায়তা করার জন্য ডিজাইনকৃত ডিজিটাল ন্যাশনাল রেফারেল মেকানিজম (এনআরএম) এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানবপাচার এবং অভিবাসী চোরাচালান বিশ্বব্যাপী গুরুতর ও উদ্বেগজনক অপরাধ। বাংলাদেশ সরকার সবসময় এ অপরাধ মোকাবিলায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। এসময় সরকার মানবপাচার প্রতিরোধে বেশকিছু পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। এনআরএম প্ল্যাটফর্মটি মানবপাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সহায়তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ ও মাইলফলক উদ্যোগ বলেও উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, মানবপাচার এবং অভিবাসী চোরাচালান বিশ্বব্যাপী গুরুতর ও উদ্বেগজনক অপরাধ। ট্রানজিট এবং গন্তব্য দেশ হিসেবে বাংলাদেশও এর ধ্বংসাত্মক প্রভাব থেকে মুক্ত নয়। বাংলাদেশ সরকার সর্বদা এ অপরাধ মোকাবিলায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। তিনি বলেন, আমরা এ বিষয়ে একটি শক্তিশালী আইনি কাঠামো তৈরি করেছি। তবে আমরা এটাও স্বীকার করি যে মানবপাচারের শিকার ভুক্তভোগীরা সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সদস্য। তাদের সুরক্ষা প্রদান এবং পুনর্বাসন অপরাধীদের বিচারের আওতায় আনার মতোই গুরুত্বপূর্ণ। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাচারের শিকার ব্যক্তিরা মানসিক আঘাত, শোষণ এবং সামাজিক বর্জনের সম্মুখীন হন। যদিও সরকারি ও বেসরকারি পরিষেবা প্রদানকারী উভয় পক্ষই সহায়তা প্রদান করে। তবে সমন্বয় এবং সময়োপযোগী রেফারেলের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে। উপদেষ্টা বলেন, এ চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিজিটাল এনআরএম তৈরি করেছে। এ প্ল্যাটফর্মটি ভুক্তভোগীদের আরও কার্যকরভাবে শনাক্তকরণ, অনুমোদিত পরিষেবা প্রদানকারীদের সাথে নিরবচ্ছিন্ন সংযোগ এবং একটি কাঠামোগত কেস ম্যানেজমেন্ট সিস্টেমের অধীনে দ্রুত রেফারেল সেবা প্রদানে সক্ষম হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার মানবপাচারের অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য আরও বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে- মানবপাচারের অপরাধকে অন্তর্ভুক্ত করার জন্য বিদ্যমান আইন পর্যালোচনা এবং ২০২৬-২০৩০ সালের জন্য মানবপাচার সংক্রান্ত জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, নতুন টিআইপি রিপোর্টিং এবং প্রত্যাবাসন ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের পাশাপাশি সিআইডিতে একটি বিশেষ তদন্ত ইউনিট প্রতিষ্ঠা, পুলিশ কর্মকর্তাদের জন্য তদন্ত নির্দেশিকা প্রবর্তন এবং সকল প্রাসঙ্গিক অংশীদারদের জন্য ভিকটিম শনাক্তকরণ নির্দেশিকা বাধ্যতামূলক করণ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশের উপ-হাইকমিশনার জেমস গোল্ডম্যান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, আইজিপি বাহারুল আলম বিপিএম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব মু. জসীম উদ্দিন খান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button