আনিসুল হকের বান্ধবীর ১১৪ ব্যাংক হিসাব জব্দের আদেশ

প্রবাহ রিপোর্ট : সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী ও সাবেক পিএস তৌফিকা করিমের নামে থাকা ১১৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। এসব একাউন্টে বর্তমানে ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা জমা রয়েছে। একাউন্টগুলোয় অবৈধ লেনদেন হয়েছে ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১টাকা। তৌফিকা করিমের নামে থাকা ১১৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ চেয়ে আবেদন করেন সিআইডির উপ-পুলিশ পরিদর্শক (নি.) (ফাইন্যান্সিয়াল ক্রাইম) মো. মনিরুজ্জামান। আবেদনে বলা হয়, অভিযুক্ত তৌফিকা করিম আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামির জামিন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহ নানা অপকর্ম করে অর্জিত অর্থ দ্বারা ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করাসহ বিদেশে অর্থপাচার করেছেন। এজন্য এসব ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। অবরুদ্ধ করা না হলে এই অর্থ অন্যত্র হস্তান্তর হতে পারে।



