স্থানীয় সংবাদ

কোলাবরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রামে গুরুত্ব দিচ্ছে খুবি

# ইন্ডাস্ট্রি-একাডেমিয়া’র যৌথ গবেষণা সম্প্রসারণে #

স্টাফ রিপোর্টার ঃ ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার যৌথ গবেষণা সম্প্রসারণে কৌশলগত গুরুত্ব দিয়ে কোলাবরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম (সিআরজিপি) বাস্তবায়নে জোর দিচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্য সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এডভাইজারি কমিটি (আরএসি)-এর ২২তম সভা ২৪ অক্টোবর (মঙ্গলবার) বেলা ১১টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ও কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। সভায় ২০২৫-২৬ অর্থবছরের সিআরজিপি এবং একই অর্থবছরের প্রথম পর্যায়ের রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম (আরজিপি)-এর আওতাধীন প্রকল্প প্রস্তাবনা অনুমোদন-সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথমবারের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রামে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া যৌথ গবেষণার সুযোগ সৃষ্টি হলো। তিনি বলেন, উন্নত বিশ্বে যৌথ গবেষণা অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ হিসেবে স্বীকৃত; আমাদেরও সে ধারা অনুসরণ করতে হবে। উপাচার্য আরও বলেন, গবেষণালব্ধ ফলাফল যথাযথভাবে ‘শোকেসিং’ করা হলে এর কার্যকারিতা ও প্রভাব সর্বস্তরে তুলে ধরা সম্ভব হবে। এজন্য প্রতি বছর নির্দিষ্ট সময় ‘একাডেমিক ফেয়ার’ আয়োজনের মাধ্যমে গবেষণা কার্যক্রম উপস্থাপনে রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারকে উদ্যোগী হতে হবে। পাশাপাশি সেমিনার ও কর্মশালার আয়োজনের মাধ্যমে একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে জ্ঞান বিনিময় (নলেজ শেয়ারিং) বৃদ্ধি পাবে, যা কোলাবরেটিভ রিসার্চকে আরও ত্বরান্বিত করবে। সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, সিআরজিপি প্রোগ্রামের প্রকল্প প্রস্তাবনায় একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশন নিশ্চিত করতে হবে। শুধুমাত্র একাডেমিয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে ইন্ডাস্ট্রির সাথে যৌথভাবে গবেষণা করলে তার ফলাফল আরও বাস্তব প্রয়োগমুখী হবে। এছাড়া তিনি গবেষণা প্রকল্প বাস্তবায়নে অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন। সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিব এবং গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন, স্থাপত্য ডিসিপ্লিনের প্রফেসর ড. খো. মাহফুজ উদ-দারাইন ও অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button