জামায়াত নেতাদের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধি দলের বৈঠক

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখা উপদেষ্টা এবং ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, গণতন্ত্রকে টেকসইকরণ, সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের অগ্রগতির বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। আগামী নির্বাচনে কমনওয়েলথের পর্যবেক্ষক দল আসবে বলেও তারা জানিয়েছেন। কমনওয়েলথ প্রতিনিধি দলে আরও ছিলেন- ড. দিনুষা প-িতরতœ, ন্যান্সি কানিয়াগো, সার্থক রায়, ম্যাডোনা লিঞ্চ। জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন ও মোবারক হোসাইন।



