৪ দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

প্রবাহ রিপোর্ট : ঘূর্ণিঝড় পরবর্তী প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে। গতকাল বুধবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গত মঙ্গলবার মধ্যরাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম সম্পন্ন করে। এটি দুর্বল হয়ে প্রথমে ঘূর্ণিঝড়; পরবর্তীতে গভীর নি¤œচাপে পরিণত হয়ে গতকাল বুধবার সকাল ৬টায় অন্ধ্র প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. কমতে পারে। আগামীকাল শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী রোববার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের শুরুতে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
বন্যাপ্রবণ নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে: এদিকে, ঘূর্ণিঝড় ‘মোন্থা’ পরবর্তী সময়ে বৃষ্টিপাত বাড়ার সম্ভবনা থাকায় বাড়তে পারে বন্যাপ্রবণ নদ-নদীর পানি। গতকাল বুধবার এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পাউবো জানিয়েছে, ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর অথবা সন্নিহিত সময়ে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ ও সিকিম প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতিভারী বৃষ্টির ফলে উত্তরাঞ্চলীয়, উত্তর-পশ্চিমাঞ্চলীয় ও উত্তর-পূর্বাঞ্চলীয় নদী অববাহিকাভুক্ত তিস্তা, ধরলা, দুধকুমার, আপার-করতোয়া, আপার-আত্রাই, আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন, মহানন্দা, যমুনেশ্বরি, করতোয়া, ঘাঘট, জিঞ্জিরাম, ভুগাই-কংস, সোমেশ্বরী নদীসমূহের পানি সমতল ২ নভেম্বর পর্যন্ত সময়ে দ্রুত বাড়তে পারে।



