৯৯৯ নম্বর ক্লোন করে প্রতারণার অভিযোগ

প্রবাহ রিপোর্ট : সম্প্রতি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর ক্লোন করে বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নম্বর জানতে চাওয়া হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নম্বর থেকে কখনোই কোনো ব্যক্তির মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) পিন নম্বর অথবা ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের পিন নম্বর জানতে চাওয়ার কোনো সুযোগ নেই। ৯৯৯ নাগরিকদের চাহিদা অনুযায়ী জরুরি মুহূর্তে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুল্যান্স সেবা প্রদান করে থাকে। গতকাল বুধবার পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে এ বিষয়ে বার্তা পাঠানো হয়েছে। পুলিশ সদর দফতর জানায়, এ ধরনের দুটি ঘটনা ঘটেছে গতকাল বুধবার সকাল ১০টায়। রাজশাহী মেট্রোপলিটনের কাশিয়াডাঙ্গা থানাধীন আরপুর বাগানপাড়া নিবাসী এক ব্যক্তিকে প্রতারক চক্র ৯৯৯ নম্বর ক্লোন করে ‘নগদ’ অ্যাকাউন্টের তথ্য জানতে চেয়েছিল। তিনি বিষয়টি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে জানান। এরপর ৯৯৯-এর পক্ষ থেকে কাশিয়াডাঙ্গা থানার সঙ্গে ভুক্তভোগীর যোগাযোগ করিয়ে দেওয়া হয় এবং পরবর্তী আইনি ব্যবস্থার অংশ হিসেবে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়। অন্য আরেকটি ঘটনায় এক ব্যক্তিকে ৯৯৯ নম্বর ক্লোন করে তার বিরুদ্ধে মামলা হওয়ার কথা জানিয়ে টাকা দাবি করা হয় এবং বিকাশ অ্যাকাউন্টের তথ্য জানতে চাওয়া হয়। পুলিশ সদর দফতর আরও জানায়, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ও ব্যাংকের কার্ডের পিন নম্বর কোনো অবস্থায় কারও সঙ্গে শেয়ার করবেন না। এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে ও তাদের সম্পর্কে সংশ্লিষ্ট থানা বা ৯৯৯ নম্বরে জানাতে জনগণকে অনুরোধ জানানো হচ্ছে।



