স্থানীয় সংবাদ

খুলনায় অপরাধ প্রতিরোধে সহায়তার জন্য কেএমপি’র তথ্য বক্স স্থাপন

স্টাফ রিপোর্টার : একটি নিরাপদ মহানগর এলাকা নিশ্চিত করার জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এই কর্মসুচির অংশ হিসেবে কেএমপি বৃহস্পতিবার নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তথ্য ড্রপ-বক্স স্থাপন শুরু করেছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, জনসাধারণ প্রায়শই সরাসরি অপরাধ সম্পর্কিত তথ্য ভাগ করে নিতে দ্বিধা বোধ করেন। এই বিষয়টি বিবেচনা করে কেএমপি এই ড্রপ-বক্স স্থাপনের উদ্যোগ নিয়েছে। যার ফলে নাগরিকরা গোপনে তথ্য প্রদান করতে পারবেন।
তারা বলেছেন, আইন-শৃঙ্খলা নিশ্চিত করা এবং শহর থেকে অপরাধ নির্মূল করা কেবল পুলিশের একার পক্ষে কঠিন। তাই বাসিন্দাদেরকে বক্সের মাধ্যমে অপরাধ, অপরাধী এবং অপরাধের স্থান সম্পর্কে তথ্য প্রদান করে আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে। তথ্য জমা দেওয়ার জন্য তাদের নাম বা পরিচয় উল্লেখ করার প্রয়োজন নেই।
দৌলতপুরস্থ পিরামিড সার্জিক্যালের নিচে ইউসিবি ব্যাংকের এটিএম বুথের পাশে অপরাধীদের তথ্য সংগ্রহ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তথ্য বাক্স উদ্বোধনকালে কেএমপি এডিশনাল কমিশনার (ক্রাইম) মোহাম্মদ রাশিদুল ইসলাম বলেন, নিরাপদ খুলনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা খুলনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি তথ্য বাক্স স্থাপন করছি। আমরা মনে করি জনগণের সাথে যোগাযোগ স্থাপনের জন্য তথ্য বাক্সটি একটি উত্তম ও জরুরি মাধ্যম হতে পারে। গত তিন মাস যাবত আমরা পর্যালোচনা করে দেখেছি জনগণের কাছ থেকে আমরা কোন তথ্য পাই না। এর মূলত দুটি কারণ হতে পারে, একটি আমাদের উপর জনগণের আস্থার অভাব, দ্বিতীয়টি নিরাপত্তাহীনতা ও ভয়। এই দৃষ্টিকোণ থেকে আমরা এই তথ্য বাক্স স্থাপনের সিদ্ধান্ত নেই। কারণ এখানে জনগণ তার পরিচয় গোপন করে অপরাধীদের সব রকম তথ্য আমাদেরকে জানাতে সক্ষম হবে, থাকবে না নিরাপত্তা জনিত সমস্যাটিও।
তিনি আরো বলেন, খুলনা শহরের সব থেকে বড় তিনটি সমস্যা হচ্ছে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি। তাই জনগণ যদি এই তিনটি বিষয় এর উপর আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করে আমরা অপরাধীদেরকে সনাক্ত ও গ্রেফতার করে সমাজকে জনগণের উপযোগী করে গড়ে তুলতে সক্ষম হব। কেবলমাত্র প্রশাসনের দ্বারা সবকিছু করা সম্ভব না, জনগণের সহযোগিতার ও প্রয়োজন আছে, জনগণ যদি সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে তাহলেই সম্ভব সমাজ থেকে সব জঞ্জাল দুর করে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সুন্দর ও বসবাস উপযোগী একটি সমাজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ তাজুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায়, দৌলতপুর জোনের এসি মোঃ শফিকুল ইসলাম, দৌলতপুর থানার ওসি মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button