স্থানীয় সংবাদ

দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং স্থানীয় উন্নয়ন আমার প্রধান অঙ্গীকার ঃ মাওলানা আবুল কালাম আজাদ

# পাইকগাছার লস্কর ও গড়ইখালী ইউনিয়নে গণ সংযোগ #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, লস্কর ও গড়ইখালী ইউনিয়নের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই জামায়াত ইসলামী মাঠে নেমেছে। বহুদিন ধরে এই এলাকার মানুষ বঞ্চনার যে শিকার, আমি নির্বাচিত হলে তার অবসান ঘটাবো। দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং স্থানীয় উন্নয়ন আমার প্রধান অঙ্গীকার। তিনি বলেন, স্থানীয় অবকাঠামো উন্নয়ন, সেবা-বঞ্চিত জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করবো। শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপী খুলনা-৬ আসনের পাইকগাছা উপজেলার লস্কর এবং গড়ইখালী ইউনিয়নে গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্ম পরিষদ সদস্য এস এম আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মাওলানা শেখ কামাল হোসেন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুর রহিম, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী, পাইকগাছা উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল ইসলাম, সেক্রেটারি মো. আলতাফ হোসেন, উপজেলা কর্ম পরিষদ মাওলানা আব্দুল হান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি ডা. আসাদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের পাইগাছা উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. আসাদ আল হাফিজ, লস্কর ইউনিয়ন জামায়াত আমীর মাওলানা মোজাফফর হোসাইন, সেক্রেটারি এস এম শামসুর রহমান, ১নং নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ ইসরাফিল হোসেন খান, ৮ নং ওয়ার্ড সভাপতি মো. শাহিনুর রহমান, ৫ নং ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ আল মামুন, রঞ্জন মন্ডল, মাস্টার সত্যজিৎ সানা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা-৬ আসনের এই এমপি প্রার্থী বলেন, ‘জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে হিন্দু-বৌদ্ধ জনগোষ্ঠী নিজের জন্মভূমিতে স্বাধীনভাবে ও নিরাপদে চলাফেরা করতে পারবে। একজন নাগরিক হিসেবে তারা দেশের সব অধিকার ভোগ করবে। জামায়াত এই দুই সম্প্রদায়ের পাহারাদার হিসেবে কাজ করবে।’ তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর নানা রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। তাদের কর্মকান্ড সম্পর্কে সবাই জানেন। এখন সময় এসেছে জামায়াতে ইসলামীকে পরীক্ষার। জনগণের সুচিন্তিত ভোটে যদি জামায়াত সেবার সুযোগ পায়, তবে দেশ ন্যায় ও ইনসাফের ভিত্তিতে পরিচালিত হবে-থাকবে না জাতিগত বৈষম্য বা অপরাধমূলক কর্মকান্ড।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button