স্থানীয় সংবাদ

ছয় দফা দাবিতে খুলনা দৌলতপুর-খালিশপুর ট্যাংক লরি রাস্তায় বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

স্টাফ রিপোর্টারঃ খুলনা দৌলতপুর ও খালিশপুর এলাকায় ভাড়া বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে বাংলাদেশ ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে খুলনায় অর্ধদিবস কর্মবিরতি পালিত। রবিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্যাংক লরি মালিকরা ট্যাংকলরি বন্ধ রেখে এ কর্মসূচি পালন করে। সকালে খালিশপুরের কাশিপুর এলাকায় পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোর সামনে ট্যাংক লরিগুলো রেখে কর্মবিরতি শুরু হয়। একইভাবে দৌলতপুর বিএল কলেজ রোড, বিআইডিসি রোড এবং কাশিপুর ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে ট্যাংক লরি রেখে অবস্থান কর্মসূচি পালন করে মালিক-শ্রমিকরা। অনুরূপ গত বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ট্যাংক লরি বন্ধ রেখে এই কর্মসূচি পালন করেছিল। কর্মবিরতির কারণে খুলনার তিনটি জ্বালানি ডিপো, পদ্মা, মেঘনা ও যমুনা থেকে জ্বালানি উত্তোলন ও বিপণন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে খুলনাসহ মোট ১৬ জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ থাকে। খুলনা ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শেখ সাদী এবং খুলনা বিভাগের ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মীর মোকসেদ আলী জানান, এক সপ্তাহ প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জ্বালানি পরিবহন বন্ধ থাকবে। দ্বিতীয় সপ্তাহে কর্মবিরতি প্রতিদিন দুপুর ২টা পর্যন্ত চলবে।এরপরও দাবি পূরণ না হলে ৫ ডিসেম্বর থেকে সারা দেশে ট্যাংক লরিযোগে জ্বালানি পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে। ছয় দফা দাবির মধ্যে রয়েছে, ট্যাংক লরির ভাড়া বৃদ্ধি, সেবা গ্রহণকারী কর্তৃক ভ্যাট প্রদানের ঘোষণা গেজেটে প্রকাশ, সব ট্যাংক লরির জন্য আন্তঃ জেলা রুট পারমিট, রাস্তায় চলার উপযুক্ত হলেই ফিটনেস প্রদান, ট্যাংক লরির ইকোনমিক লাইফ ৩৫ বছর করা এবং ১৯৯০ সাল পর্যন্ত নির্মিত ও ১৯৯০ সালে রেজিস্ট্রেশন হওয়া সব ট্যাংক লরিকে প্রাথমিকভাবে চলাচলের বৈধতা দেওয়া।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button