স্থানীয় সংবাদ

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত মহাপরিকল্পনা বাস্তবায়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে গতকাল খুলনা মেডিকেল কলেজের কনফারেন্স রুমে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটি উপাচার্য অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন এঁর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রকল্পের সার্বিক গুরুত্ব তুলে ধরেন এবং এর সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনের ক্ষেত্রে ভূমি অধিগ্রহণসহ সার্বিক কাজের জন্য সকলের সহায়তা প্রত্যাশা করেন। সভায় রেজিস্ট্রার উপস্থিত অতিথিবৃন্দকে স্বাগত জানান এবং খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প সম্পর্কে একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি, পরিকল্পনা ও কাঠামো বিষয়ে স্টেকহোল্ডারদের পূর্ণাঙ্গ ধারণা প্রদান করেন। এরপর প্রকল্পের ভিজ্যুয়াল কনসেপ্ট উপস্থাপনের জন্য একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। সভায় কোষাধ্যক্ষ খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন ও ডিপিপি এর সংক্ষিপ্তসারসহ প্রয়োজনীয় নীতিমালা ও নথিপত্র সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। মতবিনিময় সভায় খুলনা শহরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন মতামত প্রকাশ করেন যে, খুলনা বিভাগের প্রতি ন্যায্য আচরণ করা হয়নি। তুলনামূলকভাবে যাচাই করলে দেখা যায় যে, অন্যান্য মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তুলনায় খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বরাদ্দকৃত ভূমির পরিমাণ কম। নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ এ ব্যাপারে প্রকল্পের বাজেটের পরিমান বৃদ্ধি এবং আরো ভূমি অধিগ্রহণের বিষয়ে মতামত দেন। এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন আশ্বস্ত করেন যে, পরবর্তী নতুন সরকার এই প্রকল্প বাস্তবায়নে সচেষ্ট হবেন। মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জমিতে অনাকাঙ্খিত কিছু ঘর-বাড়ি ও স্থাপনা তৈরি হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য সুশীল সমাজ ও রাজনীতিবিদগণ প্রশাসনের প্রতি আহবান জানান। এছাড়াও ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট সরকারি অফিস গুলোকে পরামর্শ দেন। বক্তারা আরও জানান যে, মহাপরিকল্পনার আওতাধীন ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন এবং মৌলিক অবকাঠামো নির্মাণ বিশ্ববিদ্যালয়টির ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার পূর্বশর্ত। একারণে সকল কার্যক্রম দ্রুত, স্বচ্ছ এবং সময়োপযোগীভাবে বাস্তবায়নের ওপর জোর দিতে হবে বলে অধিকাংশ অংশীজন মতামত ব্যক্ত করেন। সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও গবেষণা খাত এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে এবং উপকৃত হবে এ বিভাগের প্রায় দুই কোটি মানুষ। পরিশেষে, সকল অংশীজন প্রকল্পের দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ ও সহযোগিতা জোরদারের আহ্বান জানান। উক্ত সভায় সকল ডিন, অধিভুক্ত সকল নার্সিং ও মেডিকেল কলেজের চেয়ারম্যানবৃন্দ, অধ্যক্ষবৃন্দ, চিকিৎসকবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button