৫ টি মায়াবী চিত্রল হরিণ ছাড়ার মধ্যে দিয়ে খুলে দেয়া হয়েছে শরনখোলা রেঞ্জের আলীবান্দা ইকো-ট্যুরিজম কেন্দ্র

আবু-হানিফ, শরণখোলা, (বাগেরহাট) প্রতিনিধি ঃ সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের আলীবান্দায় গড়ে তোলা ইকো-ট্যুরিজম কেন্দ্রে দর্শনার্থীদের জন্য বেষ্টনীর মধ্যে হরিণ ছাড়া হয়েছে। হরিণ ছাড়ার মধ্যে দিয়ে আলীবান্দা ইকো-ট্যুরিজম কেন্দ্র পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে বলে বন বিভাগ জানিয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, শরণখোলা রেঞ্জের আলীবান্দায় ইকো-ট্যুরিজম কেন্দ্রে পর্যটকদের সুন্দরবনের সৌন্দর্য দেখার জন্য নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন সুউচ্চ ওয়াচ টাওয়ার এবং এক কিলোমিটার দৈর্ঘ্যের কংক্রিটের ফুট ট্রেইল। হরিণের অভাবে এতদিন ইকো-ট্যুরিজম কেন্দ্রটি পুরোপুরি চালু করা যায়নি। শুক্রবার দুপুরে আলীবান্দা ইকো-ট্যুরিজম কেন্দ্রের হরিণ রাখার বেষ্টনীতে ৫টি মায়াবী চিত্রল হরিণ ছাড়া হয়েছে। হরিণ ছাড়ার খবরে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। অপরদিকে, আলীবান্দায় যেতে জনপ্রতি অতিরিক্ত ৩ শ টাকা হারে রাজস্ব নির্ধারণ করায় পর্যটকরা আলীবান্দায় যেতে নিরুৎসাহিত হচ্ছেন। পর্যটকরা করমজলের মতো ৪০ টাকা হারে রাজস্ব নির্ধারণের জন্য বন বিভাগের প্রতি দাবি জানিয়েছেন। সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, শুক্রবার মায়াবী চিত্রল হরিণ ছাড়ার মধ্যে দিয়ে আলীবান্দায় ইকো-ট্যুরিজম কেন্দ্র পর্যটকদের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। রাজস্ব কমানোর জন্য পর্যটকদের দাবির প্রেক্ষিতে বন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হবে বলে ডিএফও জানিয়েছেন।



