মহান বিজয় দিবস উপলক্ষে কেসিসি’র কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি ঃ মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবন, কেসিসি’র সকল স্থাপনাসহ শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন ও গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন; কেসিসি’র গুরুত্বপূর্ণ ভবনসহ নগরীর প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ আইল্যান্ড ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিতকরণ এবং নগর ভবন, প্রশাসক ভবন, খালিশপুর শাখা অফিস, বীর বাঙালী ভাস্কর্য ও শহীদ হাদিস পার্ক আলোকসজ্জিতকরণ; শিশুদের চিত্তবিনোদনের জন্য খালিশপুরস্থ ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক ও গল্লামারীস্থ লিনিয়ার পার্কে বিনামূল্যে প্রবেশের জন্য উম্মুক্ত রাখা। এছাড়া ৯টায় নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া অনুষ্ঠান এবং বিকাল ৪টায় জেলা স্টেডিয়ামে খুলনা সিটি কর্পোরেশন একাদশ বনাম জেলা প্রশাসন একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কেসিসি’র প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। উল্লেখ্য, প্লে থেকে নার্সারী ‘ক’ বিভাগ, প্রথম ও দ্বিতীয় শ্রেণি ‘খ’ বিভাগ এবং তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা ‘গ’ বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ‘ক’ বিভাগের জন্য বিষয় উম্মুক্ত রাখা হয়েছে এবং ‘খ’ বিভাগের জন্য ‘মুক্তিযুদ্ধভিত্তিক’ ও ‘গ’ বিভাগের জন্য ‘বিজয়ের উল্লাস’ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা ‘ঘ’ বিভাগে ‘বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য’ এবং ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ‘ঙ’ বিভাগে ‘বিজয় দিবসে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।



