রূপসায় দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ী নিহত

রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার জাবুসা এলাকায় গ্রীণবাংলা হাউজের অদূরে মোঃ সাগর (৪০) শেখ নামে এক কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ১৪ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত সাগর গ্রীণবাংলা হাউজ এলাকার ফায়েক শেখের ছেলে।পুলিশ ও প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনা জেলার রূপসা উপজেলার জাবুসা এলাকার গ্রীণবাংলা হাউজ এলাকার বাসিন্দা কাপড় ব্যবসায়ী সাগর শেখ জাবুসা চৌরাস্তা মোড় এলাকা থেকে বাজার করে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্য গ্রীণবাংলা হাউজ গেটের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে গুলি করে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সংবাদ পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সুরতহাল শেষে সাগরের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, জাবুসার গ্রীণ বাংলা হাউজের সামনে সাগর নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।



