ফেসবুক স্ট্যাটাসে হুমকি : প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা চেষ্টা।

মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে পুর্বশত্রুতা ও ফেসবুকে স্ট্যাটাসে হুমকি দেয়ার প্রতিবাদ করায় এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গাওলা ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের পাশে সোহেল ফিলিং স্টেশনের ভেতরে ঘটনাটি ঘটে। গুরুতর
আহত এরশাদ সরদার (৪০) গাওলা ইউনিয়নের শুড়িগাতি গ্রামের সাহেব আলী সরদাররের ছেলে।
অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার জানান, জমি সংক্রান্ত বিষয়ে পুর্ব শত্রুতা ও ফেসবুকে হুমকি দেয়ার প্রতিবাদ করায় এরশাদের উপর হামলার ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীর মা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মাছ বিক্রির টাকা দিয়ে আড়তে যাওয়ার পথে সোহেল ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পুর্ব পরিকল্পনা অনুযায়ী আগেথেকেই ওঁৎ পেতে থাকা ফ্যাসিবাদী আওয়ামীলীগ নেতা রেজাউল শেখ, দুলাল শেখ, লিটন শেখ, গোলাম শেখ, মুরাদ শেখ, ফারুক শেখ, জজরুল শেখ সহ ৮-১০ জন তার পর রোধ করে তাকে টেনে হিচড়ে সোহেল ফিলিং স্টেশনের সামনে নিয়ে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি,লোহার রড, চেন ইত্যাদি দিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে। এতে তার ডান হাত, মাথা ও বা পায়ের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় নিলা ফুলা জখম হয়। এক পর্যায়ে হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থল ত্যাগ করলে পথচারী ও এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পালাতক থাকায় এ বিষয়ে অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি তবে অভিযুক্ত রেজাউল শেখের কন্যা রুনা ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এ সংক্রান্ত বিষয়ে এর আগে গত বৃহস্পতিবার ১১ ডিসেম্বর আমার ভাই মোঃ রুবেল শেখ (৩৭) কে নির্মম ভাবে পিটিয়ে আহত করা হয়েছে। হুমকি দিচ্ছে আমার ভাইপো ইতালি প্রবাসী অনিক শেখ, এর সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই। অথচ আমার ভাইকে অন্যায়ভাবে মারা হয়েছে যার কারনে আজকের এই ঘটনা।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রমজান কাজী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। ভুক্তভোগীর পরিবারকে অভিযোগ করার পরামর্শ দেয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



