দিঘলিয়ায় প্রেমের টানে ঘর ছেড়েছে অষ্টম শ্রেণির ছাত্রী

# জোর অভিযানে নেমে তাদের আটক করলো বেরসিক পুলিশ #
দিঘলিয়া প্রতিনিধি ঃ খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি মধ্যমপাড়া থেকে প্রেমের টানে ঘর ছাড়ে অষ্টম শ্রেণির জনৈক ছাত্রী (১৪)। দিঘলিয়া থানার বেরসিক পুলিশ অভিযোগ পেয়ে তাদের জোর অভিযান চালিয়ে উদ্ধার করতে সক্ষম হয়েছে। সূত্র থেকে জানা যায়, দিঘলিয়া উপজেলার সেনহাটি খান এ সবুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চা বিক্রেতা কবিরের পুত্র ইমন (২০)। সে প্রতিবেশী অষ্টম শ্রেণীর ছাত্রী (১৪)কে ফুসলিয়ে নিয়ে উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ইমন প্রতিবেশীর বাড়িতে নিয়মিত যাতায়াত করত। সে কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে গত শনিবার (৩ জানুয়ারি-২০২৬) তারিখে কিশোরীকে নিয়ে উধাও হয়ে যায়। কিশোরীর পরিবার ৪ জানুয়ারি দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ইমনের পরিবারকে চাপ সৃষ্টি করলে ইমনের স্বজনেরা ৫ জানুয়ারী-২০২৬ ছেলে-মেয়ে উভয়কে হাজির করে। এ সময় মেয়েটির বাবা বলেন, “আমার মেয়ের বয়স মাত্র ১৪ বছর। সে এখনো শিশু। ইমন একজন বিবাহিত লোক, সে আমার মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে গেছে।” এ বিষয়ে সেনহাটি পুলিশ ফাঁড়ির টুআইসি এসআই টিপু বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা মেয়েটিকে উদ্ধার করতে অভিযান শুরু করি। আমাদের জোর ভূমিকায় ইমনের পরিবার তাদের উদ্ধার করতে সহযোগিতা করেছে। আমরা তাদের উদ্ধার করতে সক্ষম হয়েছি।
কিশোরীর পিতা মামলা করবেন না বলে জানিয়েছেন। দুই পরিবারের লিখিত মুচলেকা গ্রহণ করে উদ্ধারকৃত কিশোরী কে পিতার জিম্মায় দেওয়া হয়েছে। ছেলে ও মেয়ের পরিবার সকলকে তাদের ছেলে মেয়ে উভয়ের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে বলেও তিনি জানান।



