বারআড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি জায়গা দখল করে পাকা ইমারত নির্মান

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ বটিয়াঘাটা উপজেলার বারআড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে অবস্থিত সরকারি জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নিতিশ বরন মন্ডলের পুত্র নিবেশ বরন মন্ডল।
সূত্রে জানা যায়, বিদ্যালয়ের সীমানার মধ্যে সরকারি জায়গায় নিবেশ বরন মন্ডল পাকা ঘর নির্মাণ শুরু করলে বিষয়টি নজরে আসে বিদ্যালয় কর্তৃপক্ষের। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোকেশ বাবু বিষয়টি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রব কে অবহিত করেন। অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসনের সহায়তায় তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোকেশ বাবু বলেন, আমার স্কুলের জায়গায় পাকা ঘর নির্মাণ করছিল নিবেশ মন্ডল। বিষয়টি আমি উপজেলা প্রশাসনকে জানাই এবং তাদের মাধ্যমে নির্মাণকাজ বন্ধ করা হয়েছে।
ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বক্কার গাজি জানান, নিবেশ বিদ্যালয়ের জমিতে একটি ঘর নির্মাণের চেষ্টা করছিল। বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাৎক্ষণিকভাবে নির্মাণ কাজ উপজেলা প্রশাসনের মাধ্যমে বন্ধ করে দেন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা এভাবে দখল করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার দাবি, স্থানীয় কয়েকজন রাজনৈতিক ব্যক্তির প্ররোচনায় ওই ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল।
অভিযোগের বিষয়ে নিবেশ বরন মন্ডল বলেন, আমার নিজের জায়গায় আমি ঘর নির্মাণ করছিলাম। উপজেলা প্রশাসন এসে কাজ বন্ধ করে দিয়েছে।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রব বলেন, স্কুলের জায়গায় ব্যক্তিগত ঘর নির্মাণ একটি অন্যায় কাজ। সরকারি সম্পত্তি রক্ষায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেই কাজটি বন্ধ রয়েছে। সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলের বিরুদ্ধে প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।



